পাহাড় কাটতে গিয়ে মাটিচাপায় শ্রমিক নিহত
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের রহমতপুর এলাকায় পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে সেলিম উদ্দিন (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রহমতপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিম উদ্দিন ঝিলংজা এলাকার বাসিন্দা।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা জানান, সকালে স্থানীয় বাসিন্দা নিজাম উদ্দিন পাহাড় কাটার জন্য কয়েকজন শ্রমিককে কাজে নিয়োগ দেন। দুপুরে পাহাড় কাটার সময় হঠাৎ মাটির একটি বড় অংশ ধসে পড়ে। এতে সেলিম উদ্দিনসহ তিন শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। পরে অন্য শ্রমিকরা দ্রুত মাটি সরিয়ে তাদের উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তিনজনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সেলিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুই শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন।
