পিএসএলে মাঠে দর্শক ফেরাতে প্রধানমন্ত্রীর কাছে ফ্র্যাঞ্চাইজিগুলোর আবেদন

স্পোর্টস ডেস্ক

চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরে দর্শকহীন স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন ফ্র্যাঞ্চাইজি মালিকরা। তারা টুর্নামেন্টের প্রাণ ফিরিয়ে আনতে এবং গ্যালারিতে সমর্থকদের প্রবেশের অনুমতি দিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছে বিশেষ আবেদন জানিয়েছেন।

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানি সংকটকে উল্লেখ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভক্তবিহীন স্টেডিয়ামে পিএসএলের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানান, সরকারি ব্যয় কমানো এবং জনগণের চলাচল সীমিত রাখার কারণে করাচি ও লাহোরের স্টেডিয়ামে দর্শকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

ফ্র্যাঞ্চাইজি মালিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ক্ষোভ জানিয়ে বলেছেন, ভক্তদের উপস্থিতি ছাড়া লিগের আসল উচ্ছ্বাস আসে না। লাহোর কালান্দার্সের আতিফ রানা বলেন, ‘পিএসএল পাকিস্তান ক্রিকেটের উৎসব, কিন্তু দর্শকহীন এটি অসম্পূর্ণ।’

করাচি কিংসের মালিক সালমান ইকবাল বলেন, ‘প্রতিষ্ঠাতা মালিক হিসেবে খালি স্টেডিয়াম দেখা অত্যন্ত কষ্টের। পিএসএল চলে জনগণের শক্তির ওপর; তাদের মাঠে ফেরার অনুমতি দিন।’

পেশোয়ার জালমির চেয়ারম্যান জাভেদ আফ্রিদি লিগকে জাতীয় ঐক্যের প্রতীক উল্লেখ করে বলেন, ‘ভক্তদের আবেগ ও উপস্থিতিই এই লিগের আসল আত্মা।’ নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ কিংসম্যানের মালিক ফাওয়াদ সারওয়ারও উদ্বোধনী ম্যাচে দর্শকের অভাব তীব্রভাবে অনুভূত হওয়া উল্লেখ করেন।

ইসলামাবাদ ইউনাইটেডের আলী নাভী ও রাওয়ালপিন্ডিজের আহসান তাহিরও প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রাদেশিক মুখ্যমন্ত্রীদের কাছে একই আবেদন জানিয়েছেন। তাদের মতে, মাঠের প্রতিটি চার-ছক্কা ও দর্শকদের গর্জনই পিএসএলকে বিশ্বের অন্যতম জনপ্রিয় লিগ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights