পিরোজপুর-বরিশাল রুটে বাস চলাচল বন্ধ, যাত্রী ভোগান্তি চরমে

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর-বরিশাল রুটে অনির্দিষ্ট কালের জন্য বাস চলাচল বন্ধ থাকার কারণে চরম ভোগান্তির শিকার যাত্রীরা। মঙ্গলবার বিকেলে রূপাতলী এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে এক অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে বাস ভাংচুরের ঘটনা ঘটে।

শ্রমিকদের দাবি, বাস ভাংচুরের সময় শ্রমিকদের মারধর করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে বুধবার সকাল ৬টা থেকে বরিশালে সব রুটের বাস চলাচল বন্ধ করে ধর্মঘট শুরু করে বাস শ্রমিকরা। ধর্মঘটের কারণে পিরোজপুর থেকে বরিশালগামী যাত্রীরা পড়েছে চরম ভোগান্তিতে। বিপাকে পড়েছে দূরদূরান্তের যাত্রীরা। সকাল থেকে স্টেশনে এসে বাস না পাওয়ায় বিকল্পভাবে গন্তব্যে যেতে হচ্ছে তাদের। আর এ সুযোগে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে সিএনজি, মাহিন্দ্রা ও অটো চালকদের বিরুদ্ধে।

শ্রমিকরা জানিয়েছে, তাদের জীবনের কোন নিরাপত্তা নেই। বিভিন্ন সময় তাদের মারধর করা, বাস ভাংচুর করা হচ্ছে। এমনভাবে সড়কে বাস চালানো তাদের জন্য আতঙ্কের। তাই যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা ধর্মঘট চালিয়ে যাবেন।

যাত্রীরা জানায়, বাস বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের জিম্মি করে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। দ্রুত বিষয়টি সমাধান না করলে দুর্ভোগ আরও বাড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights