পিরোজপুরে অস্ত্র-হাতবোমাসহ ৫ ডাকাত গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি

আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র, হাতবোমাসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পিরোজপুরের নেছারাবাদ থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের সুটিয়াকাঠী গ্রামের মৃত মকবুল বালির ছেলে মো. শাহিন বালি, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার নারকেল বাড়ি এলাকার সিদ্দিক শিকদারের ছেলে সবুজ শিকদার, একই এলাকার রাধাগঞ্জ ইউনিয়নের মো. তুহিন শেখের ছেলে ফরিদ ইসলাম, বরিশাল জেলার বিমানবন্দর এলাকার মহিষাদী গ্রামের আলী আজমের ছেলে লিটন হাওলাদার ওরফে বেকা লিটন, নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের পশ্চিম সোহাগদল গ্রামের কাঞ্চন খলিফার ছেলে মো. নাদিম।

বুধবার বিকালে গ্রেফতারের বিষয়টি জানান নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হাসান। এর আগে মঙ্গলবার দিবাগত গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, ডাকাতির প্রস্তুতি চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের পশ্চিম সোহাগদল গ্রামে কাঞ্চন খলিফার পরিত্যক্ত বসতঘর থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র শুটার গান, দুই রাউন্ড কার্তুজ, দুটি লোহার তৈরি শাবল, একটি হেক্সা ব্লেডের বডি, রেঞ্জ, দেশীয় অস্ত্র (দা) অবিস্ফোরিত ৫টি হাত বোমা উদ্ধার করা হয়। সেখান থেকে তাদের গ্রেফতার করে নেছারাবাদ থানায় নিয়ে আসা হয়েছে।

ওসি আবির মো. হাসান জানান, রাতে তাদের গ্রেফতারের পর থানায় নিয়ে আসা হয়েছে। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এখন তাদের নামে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র ও বিস্ফোরক আইনে নিয়মিত মামলা করা হচ্ছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights