পুঁজিবাজারে বিনিয়োগ নিয়ে বিএইউএসটিতে কর্মশালা

নীলফামারী প্রতিনিধি

পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ, ঝুঁকি ও সচেতন বিনিয়োগের কৌশল সম্পর্কে ধারণা দিতে নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বিএইউএসটি) দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে ‘ওয়ার্কশপ অন ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক কর্মশালাটির আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ও বিএইউএসটি অ্যাকাউন্টিং ক্লাব (বিএসি)।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি। তিনি বলেন, বাংলাদেশের পুঁজিবাজার এখনো সীমিত পরিসরে রয়েছে। এ বাজার সম্প্রসারণে আলোচনা ও জনসচেতনতা বাড়ানো প্রয়োজন।

উপাচার্য বলেন, ব্যবসায় বিনিয়োগে লাভের পাশাপাশি ক্ষতির ঝুঁকিও থাকে। তবে ক্ষতির আশঙ্কায় বিনিয়োগ থেকে দূরে থাকলে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ থেকেও পিছিয়ে পড়তে হয়। ভবিষ্যতে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে শিক্ষার্থীদেরও ভূমিকা রাখতে হবে।

কর্মশালার বিভিন্ন পর্ব পরিচালনা করেন বিআইসিএমের সহযোগী অধ্যাপক মো. ফয়সাল আহমেদ খান ও প্রভাষক ইমরান মাহমুদ। সেশনগুলোতে পুঁজিবাজারের মৌলিক ধারণা, বিনিয়োগের সুযোগ ও ঝুঁকি, দায়িত্বশীল বিনিয়োগ এবং বিনিয়োগসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়।

আয়োজকেরা জানান, কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা পুঁজিবাজারের কার্যক্রম সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা পাওয়ার পাশাপাশি আর্থিক খাতে পেশাগত সম্ভাবনা সম্পর্কেও জানতে পেরেছেন। শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধি ও ভবিষ্যতে বিনিয়োগের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।

কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক রাকিবুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল (অব.) ড. মো. শামীম রেজা, পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল (অব.) সৈয়দ সালাহউদ্দিন নয়ন, পিএসসি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগ ও দপ্তরপ্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। এটি পুঁজিবাজার বিষয়ে শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম পরিচালনা করে। কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights