পুকুরে ডুবে একদিনে তিন শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে একদিনে তিন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা হলো- পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতী আলীনগর গ্রামের জিয়াবুল হকের মেয়ে উম্মে মানহা (৫) এবং কেঁওচিয়া ইউনিয়নের কেরানীহাট এলাকার জামাল উদ্দিনের ছেলে মো. এজাহার (৭)। বাকি একজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে সাড়ে ৩টার মধ্যে এসব শিশুর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, সোমবার দুপুরে উম্মে মানহা ও তাঁর ফুফাতো ভাই এজাহার বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা পাশের পুকুরে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কেরানীহাটে দুটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষার পর দুজনকেই মৃত ঘোষণা করেন।

এদিকে বিকেল সাড়ে ৩টার দিকে পানিতে ডুবে যাওয়া আনুমানিক দুই বছর বয়সী এক শিশুকে কেরানিহাট একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। শিশুটিকে মৃত জেনে হাসপাতালের নিবন্ধন সম্পন্ন না করেই স্বজনরা তার লাশ নিয়ে চলে যাওয়ায় হাসপতাল কর্তৃপক্ষ তার পরিচয় জানাতে পারেনি।

সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, তিন শিশুর মৃত্যুর বিষয়ে তারা শুনেছেন। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights