পুতিনকে ধরে রাশিয়া থেকে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, সুযোগ পেলে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যুদ্ধাপরাধের জন্য জবাবদিহির মুখে দাঁড় করাতেন। গত শুক্রবার কিয়েভ সফরে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে জন হিলি ইউক্রেনে সম্ভাব্য শান্তি রক্ষা মিশনের প্রস্তুতির জন্য ব্রিটেনের ২০০ মিলিয়ন পাউন্ড ব্যয়ের ঘোষণা দেন।

কিয়েভে একটি ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত আবাসিক ভবন পরিদর্শনের সময় তিনি বলেন, পুতিনের যুদ্ধাপরাধের উদাহরণ হিসেবে বুচা ও ইরপিনে ইউক্রেনীয় বেসামরিক মানুষ ও শিশুদের ওপর চালানো সহিংসতার কথা ভুলে যাওয়ার সুযোগ নেই।

এর আগে ২০২৩ সালের মার্চে আন্তর্জাতিক অপরাধ আদালত ইউক্রেনীয় শিশুদের অপহরণের অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এদিকে বৃহস্পতিবার রাতে ইউক্রেনের বিমানবাহিনী জানায়, রাশিয়া একযোগে ২৪২টি ড্রোন ও ৩৬টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এতে কিয়েভে অন্তত ৪ জন নিহত এবং ২৪ জন আহত হন। হামলায় বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হয়।

সোর্স: দ্য টেলিগ্রাফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights