পুতিনের সঙ্গে বৈঠক চান জেলেনস্কি, শর্ত দিল মস্কো

অনলাইন ডেস্ক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিতব্য জি-২০ শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে সম্মতি প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে মস্কো তাৎক্ষণিকভাবে সেই প্রস্তাব নাকচ করে জানিয়েছে, সম্ভাব্য কোনো বৈঠক হলে তা রাশিয়ার রাজধানী মস্কোতেই হতে হবে।

শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে জেলেনস্কি তার এই সম্মতির কথা জানান। কিন্তু নয়াদিল্লিতে অবস্থানরত ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ ইউক্রেনের প্রেসিডেন্টের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বার্তা সংস্থা এএফপিকে বলেন, মায়ামিতে দুই নেতার বৈঠক হওয়া অসম্ভব।

পেশকভ বলেন, ‘আমরা এখনো জানি না আমরা আদৌ মায়ামিতে যাব কি না।’ বিকল্প কোনো স্থানে বৈঠকের সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি মস্কোর আগের দেওয়া শর্তের কথা পুনর্ব্যক্ত করে বলেন, ‘যদি তিনি (জেলেনস্কি) সত্যিই পুতিনের সঙ্গে দেখা করতে চান, তবে তিনি মস্কোয় আসতে পারেন। মস্কোতেই তাঁর সঙ্গে বৈঠকের প্রস্তুতি রয়েছে।’

গতকাল শুক্রবার জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ডিসেম্বরে মায়ামিতে জি-২০ শীর্ষ সম্মেলনে দুই নেতাকেই আমন্ত্রণ জানানো হলে তিনি অবশ্যই যোগ দেবেন। তিনি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। আমাদের মুখোমুখি বসে কথা বলতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে।’

কথার চেয়ে ফলাফলের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, ‘আমি তাঁকে কী বলব কিংবা তিনি আমাকে কী বলতে চান, সেটা বড় কথা নয়। দিন শেষে চূড়ান্ত ফলাফলটাই সবচেয়ে জরুরি।’

সূত্র: দ্য হিন্দু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights