পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত

অনলাইন ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের সব ব্যাংক হিসাবের লেনদেন স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ক্ষমতাবলে ৩০ দিনের জন্য সূচনা ফাউন্ডেশনের সব ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করার নির্দেশনা দেয়া হয়।

সূচনা ফাউন্ডেশনের নামে পরিচালিত সব হিসাবের লেনদেন ও অন্যান্য তথ্য (হিসাব খোলার ফরম, কেওয়াইসি ফরম, শুরু হতে হালনাগাদ লেনদেন বিবরণী) সংযোজিত এক্সেল শিট আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে পাঠানোর অনুরোধ করা হয় বলে বিজ্ঞপ্তিতেহ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বর্ণিত নির্দেশনার আওতায় লেনদেন স্থগিতকৃত হিসাবগুলোর ক্ষেত্রে মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ -এর বিধি ২৬(২) প্রযোজ্য হবে বলে জানানো হয়।

শেখ হাসনার সরকারের আমলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়া পরিচালক হিসেবে নিয়োগ পাওয়া পুতুল বর্তমানে দিল্লিতে কর্মরত।

ছাত্র-জনতার অভ্যূত্থানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া তার মা শেখ হাসিনা দিল্লিতেই কোনো এক গোপন জায়গায় ভারত সরকারের নিরাপত্তায় অবস্থান করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights