পুলিশ পরিচয়ে প্রেম, ধর্ষণ, ভিডিও করে টাকা আদায়ের অভিযোগে গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, যশোর
পুলিশের ঊর্ধতন কর্মকর্তা পরিচয় দিয়ে মেয়েদের সাথে প্রথমে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন রুবেল হোসেন (৩৬)। ধীরে ধীরে শারীরিক সম্পর্ক গড়ে তুলে গোপনে সেগুলোর ভিডিও ধারণ করতেন। সেই ভিডিও প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়ে ওই নারী এবং তার পরিবারের সদস্যদের কাছ থেকে আদায় করতেন মোটা অংকের টাকা।

ফাঁদে পড়া এক নারীর বাবা গত ৯ ফেব্রুয়ারি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) এ ব্যাপারে অভিযোগ করলে তদন্ত শুরু হয়। শুক্রবার ভোর চারটার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার হাড়িয়া বেলেরমাঠ গ্রামের ভায়রা ভাই জালাল হোসেনের বাড়ি থেকে পুলিশ রুবেল হোসেনকে আটক করে। রুবেল রাজশাহী জেলার চারঘাট উপজেলার আসকরপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে।

পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন বলেন, নারীর সাথে প্রেম, ধর্ষণ ও ভিডিও ধারণ, এবং সেই ভিডিও প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায় করা রুবেলে পেশা ছিল। তিনি নিজেকে পুলিশের এসআই পরিচয় দিতেন। গ্রেফতারের সময় রুবেল হোসেনের কাছ থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়। রেশমা শারমিন বলেন, ভুক্তভোগী এক নারীর বাবা বাদী হয়ে রুবেলের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন। আটক আসামি রুবেলকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights