পুলিশের তৎপরতায় বারবার অবস্থান বদলায় অটোচালক, হত্যার স্বীকারোক্তি

অনলাইন ডেস্ক

রাজধানীর পল্লবীতে নিরাপত্তা প্রহরীকে হত্যার ঘটনায় এক অটোরিকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতার অটোরিকশা চালকের নাম সাগর শেখ বাবু (৩৭)।

গত ১৩ এপ্রিল দুপুর ১টার দিকে রাজধানীর উত্তর পল্লবী আবাসিক এলাকায় ঢুকতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে নিরাপত্তা প্রহরী সালাহউদ্দিনকে (৫৫) কিল-ঘুষি মেরে হত্যা করে পালিয়ে যায় গ্রেফতার অটোরিকশাচালক সাগর শেখ বাবু।

গ্রেফতারের পর পিবিআই ঢাকা মেট্রো উত্তর বলছে, তর্ক-বিতর্কের জেরে আক্রোশবশত বৃদ্ধ নিরাপত্তা প্রহরীকে কিল-ঘুষি মেরে পালিয়ে যায় গ্রেফতার অটোরিকশা চালক সাগর শেখ বাবু।

শনিবার দুপুরে রাজধানীর পশ্চিম আগারগাঁও ৬০ ফিটে অবস্থিত পিবিআই ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান।

তিনি বলেন, গত ১৩ এপ্রিল (সোমবার) দুপুর ১টার দিকে রাজধানীর উত্তর পল্লবী আবাসিক এলাকায় অটোরিকশা নিয়ে প্রবেশের চেষ্টা করেছিলেন সাগর শেখ বাবু (৩৭)।

পূর্বানুমতি ছাড়া আবাসিক এলাকায় প্রবেশ করা যাবে না মর্মে বাধা দেন কর্তব্যরত নিরাপত্তা প্রহরী সালাহউদ্দিন (৫৫)। এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়।

এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে অটোরিকশা চালক সাগর শেখ বাবু বৃদ্ধ প্রহরীকে শরীরের বিভিন্ন স্থানে, বিশেষত মাথা ও মুখমণ্ডলে কিল-ঘুষি মারেন। তাতে জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যান প্রহরী সালাহউদ্দিন। পালিয়ে যান অটোরিকশা চালক সাগর শেখ বাবু।

পরবর্তীতে স্থানীয় লোকজন ভুক্তভোগীকে দ্রুত উদ্ধার করে কলাবাগান গ্রীন রোডস্থ ইউনিহেলথ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করে। পরের দিন বিকেল ৩টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সংবাদ পেয়ে পল্লবী থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের স্ত্রী হালিমা বেগম অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে ডিএমপির পল্লবী থানায় মামলা করেন। স্ব-উদ্যোগে মামলার ছায়া তদন্ত শুরু করছিল পিবিআই ঢাকা মেট্রো উত্তর।

নিরাপত্তা কর্মী সালাহউদ্দিনকে হত্যার ঘটনায় প্রত্যক্ষদর্শীদের বয়ান ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দিগ্ধ ঘাতক অটোরিকশা চালক সাগর শেখ বাবুকে সনাক্ত করে গত ১৭ এপ্রিল (শুক্রবার) ভোরে পল্লবী থানাধীন মিরপুর সেকশন-১১ এলাকার মামুনের রিকশার গ্যারেজের সামনে থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার সাগর শেখ বাবুর দেওয়া তথ্যের ভিত্তিকে তার ব্যবহৃত অটোরিকশা জব্দ করা হয়।

গ্রেপ্তার প্রসঙ্গে পিবিআই ঢাকা মেট্রো উত্তরের অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান বলেন, পুলিশ পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমানের নেতৃত্বে একটি দল ঢাকার শ্যামপুর, জুরাইন, পল্লবী, মিরপুর ও গাবতলীসহ বিভিন্ন স্থানে দিনব্যাপী অভিযান পরিচালনা করে। পুলিশের তৎপরতা টের পেয়ে বারবার অবস্থান পরিবর্তন করতে থাকে অটোরিকশা চালক সাগর শেখ বাবু।

অবশেষে গত ১৭ এপ্রিল ভোরে পল্লবী থানাধীন মিরপুর সেকশন-১১ এলাকার মামুনের রিকশার গ্যারেজের সামনে থেকে সাগর শেখ বাবুকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ততথ্য ও ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দির তথ্য তুলে ধরে পুলিশ কর্মকর্তা এনায়েত হোসেন মান্নান বলেন, গ্রেফতার অটোরিকশাচালক সাগর শেখ বাবু আকস্মিকভাবে ক্ষিপ্ত হয়ে তর্ক-বিতর্কের জেরে নিরাপত্তা প্রহরী সালাহউদ্দিনকে শরীরের বিভিন্ন স্থানে, বিশেষত মাথা ও মুখমণ্ডলে কিল-ঘুষি ও আঘাত করে। এ ঘটনায় নিজের সংশ্লিষ্টতার ব্যাপারে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেফতার সাগর শেখ বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights