পে-স্কেল চূড়ান্ত যেকোনো সময় ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার বলেছেন, নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে এবং তা যেকোনো সময় ঘোষণা হতে পারে। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বর্তমান সরকার নিজেদের প্রতিশ্রুতি রক্ষায় বদ্ধপরিকর উল্লেখ করে মুখ্য সচিব আবদুস সাত্তার জানান, দেশের প্রায় ১৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর দীর্ঘদিনের দাবি ও চাপ সামলাতেই চলতি অর্থবছর থেকে নতুন পে-স্কেল কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এটি চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। আবদুস সাত্তার বলেন, নিয়ম অনুযায়ী সরকারি চাকরিজীবীদের জন্য প্রতি পাঁচ বছর পর পর নতুন পে-স্কেল ঘোষণা করার কথা। অথচ টানা ১১ বছর কর্মকর্তা-কর্মচারীদের জন্য কোনো পে-স্কেল বাস্তবায়ন করেনি। এতে তাদের মধ্যে বঞ্চনা তৈরি হয়েছিল। একসঙ্গে বিপুল সংখ্যক কর্মচারীর বেতন-ভাতা বৃদ্ধি পেলে দেশের অর্থনীতিতে কিছুটা বাড়তি চাপ তৈরি হবে। কষ্টকর হলেও সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার সমন্বয় করতে হবে। বেতন কাঠামো বাস্তবায়নের ফলে অর্থনীতিতে যে চাপ তৈরি হবে, তা সামাল দিতে আমাদের উৎপাদন বাড়াতে হবে। মুখ্য সচিব বলেন, সরকারের প্রধান চ্যালেঞ্জ অর্থনীতি। সংকট সমাধানে কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদনশীলতা বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও চীন থেকে বহুমুখী সাপ্লাই চেইন তৈরির চেষ্টা করছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights