প্যালেসকে হারিয়ে স্বস্তির জয় ইউনাইটেডের
অনলাইন ডেস্ক
ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচ। ক্রিস্টাল প্যালেসের চেয়ে একটু বেশিই এডভান্টেজ পাবে ম্যানচেস্টার ইউনাইটেড—এমনটা ধারণা করা হলেও রবিবার প্রিমিয়ার লিগের ম্যাচে প্রথমার্ধ একান্তই নিজেদের করে নেয় এডি হাউয়ের শিষ্যরা। তবে দ্বিতীয়ার্ধে একচেটিয়া রাজত্ব ছিল স্বাগতিকদের।
ঘরের মাঠে রোমাঞ্চকর ২-১ ব্যবধানে জয়ে স্বস্তি অল রেডস শিবিরে। স্বাগতিকদের হয়ে গোল দুটি করেন ব্রুনো ফার্নান্দেজ ও ব্রেঞ্জামিন সেসকো। ক্রিস্টাল প্যালেসের গোলটি ছিল ম্যাক্সেন্স ল্যাক্রোইক্সের।
লিগে একই সময় অনুষ্ঠিত হয় আরও দুটি ম্যাচ। টটেনহাম হটস্পারকে ২-১ গোলে হারায় ফুলহাম। ব্রাইটনের কাছে ২-১ গোলে হারে নটিংহাম ফরেস্ট।
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয়ে ২৮ ম্যাচে ম্যান ইউনাইটেডের পয়েন্ট এখন ৫১। শীর্ষে থাকা গানারদের চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে মাইকেল ক্যারিকের দল। আর দ্বিতীয়তে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে ৯ পয়েন্ট পিছিয়ে তারা। ফুলহাম ২৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে নবমে। ব্রাইটন সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে এগারতম।
ওল্ড ট্র্যাফোর্ডে এদিন ম্যাচ ঘড়ির মাত্র ৪ মিনিটে পিছিয়ে পড়ে ম্যান ইউনাইটেড। ডি বক্সের মধ্যে ইয়োরোকে ফাঁকি দিয়ে জনসনের কর্নার কিক দারুণ হেডারে জালে জড়ান ম্যাক্সেন্স ল্যাক্রোইক্স। প্রথমার্ধে এটাই ছিল একমাত্র গোল। এই অর্ধে তিনটি অন-টার্গেট শট নিয়েও কাজে লাগাতে পারেনি ম্যান ইউনাইটে। দুটি অন-টার্গেট শটের একটি থেকে গোল আদায় করে ক্রিস্টাল প্যালেস।
দ্বিতীয়ার্ধের শুরুতেই নাগালে বল পেয়ে যান ব্রায়ান এমবউমো। ক্যামেরুন ফরোয়ার্ড বল দিয়ে প্যানাল্টি বক্সে ডুকেও পড়েন। প্রতিপক্ষের রক্ষণদেয়ালের সামনে এসে গড়বড় করে বসেন। তাতে শোধ নিতে একটু বেশিই দেরি হয় ম্যান ইউনাইটেডের।
৫২ মিনটে অ্যাটাকিং মুহুর্তে কুনহাকে বক্সের ভেতর টেনে ফেলে দেন ম্যাক্সেন্স ল্যাক্রোইক্স। পরবর্তীতে ভিএআর চেকে ইউনাইটেডের পক্ষে সিদ্ধান্ত দেন রেফারি। আর স্পট কিকে সফলতা পান ব্রুনো ফার্নান্দেজ। দলকে সমতায় ফেরান পর্তুগিজ মিডফিল্ডার।
কুনহাকে ফাউল করার অপরাধে লাল কার্ড দেখেন ফরাসি ডিফেন্ডার ল্যাক্রোইক্স। মুহুর্তেই ১০ জনের দলে পরিণত হয় অতিথিরা। এ সুযোগ দারুণভাবে কাজে লাগায় স্বাগতিকরা। ৬৫ মিনিটে বেঞ্জামিন সেসকোর গোলে লিড আদায় করে ম্যান ইউনাইটেড। মিডফিল্ড থেকে ব্রুনো ফার্নান্দেজের বুলেট গতির লক্ষ্যস্থির উঁচু বল ক্রস হেডে ক্রিস্টাল প্যালেসের জালে জড়ান স্লোভানিয়ান স্ট্রাইকার। আজ শুরু থেকে খেলতে পাওয়ার সুযোগে লিগে অষ্টম এবং টানা তিন ম্যাচে গোল আদায় করলেন তিনি।
ম্যাচে ৬১ শতাংশ বল দখলে ছিল স্বাগতিকদের। ৩৯ শতাংশ দখলে রাখে অতিথিরা। ক্রিস্টাল প্যালেসমুখে মোট ২০টি শট নিয়ে ১১টি টার্গেটে রাখে ম্যান ইউনাইটেড। বিপরীতে তিনটি অনটার্গেট শট ছিল ক্রিস্টাল প্যালেসের। বড় কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা।
