প্রকল্প অনুমোদনে কোম্পানীগঞ্জে মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রায় ২ লাখ মানুষের দীর্ঘদিনের অস্তিত্ব রক্ষার দাবির পরিপ্রেক্ষিতে মেঘনা নদীর ভাঙন রোধে ‘ভূমি পুনরুদ্ধারের লক্ষ্যে একনেকের সভায় ৫৮৮ কোটি টাকার “উড়িরচর নোয়াখালী ক্রস ড্যাম বাঁধ নির্মাণ” প্রকল্প অনুমোদন পেয়েছে।
মঙ্গলবার রাতে কোম্পানীগঞ্জ চর এলাহী ইউনিয়নে এ প্রকল্প পাশ হওয়ার খবর ছড়িয়ে পড়লে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। চরাঞ্চলের মেঘনা পাড়ের হাজারো নদী ভাঙা পরিবারের সদস্যরা সর্বস্তরের জনগনের পক্ষ থেকে আনন্দ মিছিল-শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এসময় তারা সর্বস্তরের মানুষের মাঝে মিষ্টি বিতরণ করে এবং আগামীতে প্রধানমন্ত্রী ও ওবায়দুল কাদেরের জন্য দোয়া করেন এবং আগামী নির্বাচনে জয়লাভ করার জন্য ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করার আহবাবান জানান।
এ সময় চর এলাহী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, চরফকিরা ইউনিয়নের চেয়ারম্যান জায়েদুল হক কচিসহ শোভাযাত্রায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন মানুষ উপস্থিত ছিলেন। এ ব্যাপারে জানতে চাইলে নোয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সী আমির ফয়সল জানান, এই প্রকল্প একনেকে পাস হওয়ার মধ্য দিয়ে ১২ হাজার হেক্টর জমি উদ্ধার হবে এবং নদী ভাঙ্গা রোধ পাবে এছাড়া উরির চরের সাথে যোগাযোগ ব্যবস্থা সুগম হবে। এই ক্রস ড্যাম বাঁধকে সন্দীপ চ্যানেল হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
