প্রকাশ্যে সন্তানকে ২৫শ’ টাকায় বিক্রি করলেন মা, আবার ফেরত নিলেন

পঞ্চগড় প্রতিনিধি

১ মাস বয়সের কন্যা সন্তানকে প্রকাশ্যে বাজারে বিক্রি করে দেন মানসিক ভারসাম্যহীন এক মা। সোমবার বিকেলে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পঞ্চগড় জেলা শহরের মেডিসিন রোড এলাকায়।

বিক্রি করার কয়েক মিনিট পরেই আবার টাকা ফেরত দিয়ে বাচ্চা ফেরত নেন তিনি। মানসিক ভারসাম্যহীন ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। স্থানীয়রা বলছেন তার বাড়ি আটোয়ারী উপজেলায়। মানসিক ভারসাম্যহীন হওয়ায় জেলার বিভিন্ন হাট—বাজারে ঘুরে বেড়াতেন তিনি।

এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, একজন নারী তার কোলে থাকা ১ মাস বয়সের একটি কন্যা শিশুকে ২৫ শত টাকার বিনিময়ে বিক্রি করছেন। দর—কষাকষির মাঝে ওই শিশুকে ক্রয় করছেন এক বয়বৃদ্ধ ব্যক্তি। এক পর্যায়ে টাকা দিয়ে শিশুটিকে নিজ কোলে নেন ওই বৃদ্ধ।
স্থানীয়রা জানান, হঠাৎ মানসিক ভারসাম্যহীন ওই নারী নিজ সন্তানকে বিক্রির জন্য চেষ্টা করেন। এর পর শহরের ট্রাক টার্মিনাল এলাকার বৃদ্ধ মেকানিক ইসমাইল হোসেন শিশুটিকে ২ হাজার ৫শ টাকার বিনিময়ে ক্রয় করে নেন। আবার বিক্রির বেশ কিছু সময় পর শিশুটিকে ফেরত নেয় ওই নারী।

এ বিষয়ে ইসমাইল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি মেকানিকের কাজ করি। আমি বাজার করার সময় দেখি ওই মেয়ে তার সন্তাকে বিক্রি করবে বলতেছে। আমার এক ভাগনির সন্তান নেই। আমি শিউর হয়ে ভাগনির জন্য তার কাছ থেকে বাচ্চাটি ২ হাজার টাকায় ক্রয় করতে চাই। এর মাঝে সে আরো টাকা চাইলে আরো ৫শত টাকা দিয়ে বাচ্চাটিকে নিজের কোলে নেই। এর পর বাড়ি ফেরার পথে সে আবার দৌড়ে এসে টাকা ফেরত দিয়ে বাচ্চাটিকে নিয়ে নেয়।

এ বিষয়ে জানতে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সাথে যোগাযোগ করা হয়। তিনি বলেন, বিষয়টি আমরা অবগত না। তার পরেও বিষয়টি দেখতে সমাজসেবা অফিসারকে অবগত করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights