‘প্রকৃতি রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার আহ্বানে ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী ইশতেহারে ২৫ লাখ গাছ রোপণের লক্ষ্য সামনে রেখে শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় জেলা শহরের অবকাশ পার্কে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি অবকাশ পার্কে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সিনিয়র সদস্য হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল ইসলাম চপলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এবিএম মমিনুল হকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ‘সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে উষ্ণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে মানুষ ও প্রকৃতিকে রক্ষা করতে হলে বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই।’

তিনি বলেন, পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ, বৃষ্টিপাতের ভারসাম্য রক্ষা, মাটির ক্ষয়রোধ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে, যাতে শিশু-কিশোর থেকে শুরু করে সমাজের প্রতিটি মানুষ গাছ লাগাতে উৎসাহিত হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে এখনই সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত করাকে ইতিবাচক উদ্যোগ উল্লেখ করে তিনি বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাদের হাতে একটি করে চারা তুলে দেওয়া মানে শুধু একটি গাছ লাগানো নয়, বরং তাদের মধ্যে প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি করা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights