প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতে আনতে হবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, ‘প্রতিবন্ধীদের প্রতি সহনশীলতা ও সহমর্মিতার শিক্ষা পরিবার থেকে গ্রহণ করতে হবে। পরস্পরের প্রতি সম্মান এবং সংবেদনশীল আচার-আচরণের মধ্যদিয়ে সমাজকে এগিয়ে নিতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূল স্রোতে আনতে হবে। যেন তারাও স্বাভাবিক জীবনযাপন করতে পারে।’

বুধবার সকাল সাড়ে ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান মিলনায়তনে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের শিক্ষা অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে জাবিতে অধ্যয়নরত ৬৮ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে ৬ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।
দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অন্যতম লক্ষ্য উল্লেখ করে প্রতিমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর হাত দিয়েই এদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করা শুরু হয়। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিবন্ধীদের ভাতাসহ তাদের জন্য যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

এ সময় সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম সংশ্লিষ্ট সকলকে প্রতিবন্ধীদের সহযোগী হওয়ার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights