প্রতিবন্ধীবান্ধব সেবা নিশ্চিতে অন্তর্ভুক্তিমূলক বাজেট বরাদ্দের আহ্বান
গাজীপুর প্রতিনিধি
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সমতাভিত্তিক, প্রবেশগম্য ও অন্তর্ভুক্তিমূলক জনসেবা নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পরিকল্পনা ও বাজেটে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্ত করার গুরুত্ব তুলে ধরেছেন বাংলাদেশ সোসাইটি ফর দ্য চেঞ্জ এন্ড অ্যাডভোকেসি নেক্সাস (বি-স্ক্যান)।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের সহযোগিতায় নগর ভবনের কনফারেন্স রুমে আয়োজিত স্থানীয় পর্যায়ের নীতি সংলাপে এ গুরুত্ব তুলে ধরা হয়।
এই নীতি সংলাপে প্রতিবন্ধী ব্যক্তিদের জনসেবা ও স্থানীয় শাসন ব্যবস্থায় সমতাভিত্তিক প্রবেশাধিকার, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পরিকল্পনা ও বাজেটে প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তি, জনসেবা প্রদানে প্রবেশগম্যতার প্রতিবন্ধকতা ও সম্ভাবনা এবং সরকারি প্রতিষ্ঠান, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (ওপিডিএস) ও সুশীল সমাজ সংগঠনের মধ্যে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।
নাগরিক সম্পৃক্ততা তহবিলের (সিইএফ) সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সচিব (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ফিরোজ আল মামুন।
গাজীপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার মো. আল মামুন তালুকদার, গাজীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক (আরএসি) মো. জাহিদুল ইসলাম, বি-স্ক্যানের পরিচালক মুহাম্মদ ইফতেখার মাহমুদ, ডিআইসিইর অ্যাসিন্টেন্ট কো-অর্ডিনেটর মবিনুর রহমান।
সংলাপে গাজীপুর সিটি কর্পোরেশন, জেলা পর্যায়ের সরকারি দপ্তর, স্থানীয় প্রশাসন, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন, সুশীল সমাজ সংগঠন, উন্নয়ন সহযোগী গণমাধ্যম প্রতিনিধি এবং স্থানীয় পর্যায়ের অন্যান্য অংশীজন অংশগ্রহণ করেন।
