‘প্রতিবেশী ভাইদের সঙ্গে সংঘাত চাই না, পরমাণু অস্ত্র বানানোরও ইচ্ছা নেই’

অনলাইন ডেস্ক

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংঘাতে যেতে চায় না ইরান। একই সঙ্গে পরমাণু অস্ত্র তৈরির কোনো ইচ্ছাও নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

পারসিয়ান নতুন বছর নওরোজ উপলক্ষে দেওয়া এক বার্তায় ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরান কখনোই প্রতিবেশী ও মুসলিম দেশগুলোর সঙ্গে যুদ্ধ চায় না। তিনি বলেন, ‘আমাদের চারপাশের প্রিয় প্রতিবেশীরা আমাদের ভাই। আমরা সব ধরনের মতভেদ দূর করতে চাই।’

পেজেশকিয়ান বলেন, ইরানের বর্তমান সমস্যাগুলো বাইরের শক্তির হস্তক্ষেপের ফল। তিনি বলেন, শত্রুদের হস্তক্ষেপই এসব জটিলতা তৈরি করেছে।
অঞ্চলে স্থিতিশীলতা আনার জন্য ইসলামিক দেশগুলোকে নিয়ে একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাবও দেন তিনি। তার ভাষায়, এ অঞ্চলে বাইরের শক্তির উপস্থিতির কোনো প্রয়োজন নেই।

তিনি জোর দিয়ে বলেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না। সর্বোচ্চ নেতা ইতোমধ্যে এটিকে ধর্মীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন। তাই এ ধরনের কোনো পরিকল্পনা অনুসরণের অনুমতি কারও নেই।

উল্লেখ্য, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে ইরান প্রতিবেশী দেশগুলোতে থাকা শত্রুপক্ষের সামরিক স্থাপনা টার্গেট করছে। ইরান বলছে, ওই সব দেশের ঘাঁটি থেকে তেহরানে আক্রমণ পরিচালনা করা হচ্ছে এজন্য তারা সেখানে পাল্টা আক্রমণ করছেন। তবে ভুক্তভোগী দেশগুলো বলছে, ইরানের এমন বক্তব্য অগ্রহণযোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights