প্রত্যাশিত ফল না পেয়ে ভেঙে পড়ো না, নতুন উদ্যমে শুরু করো: চরমোনাই পীর
অনলাইন প্রতিবেদক
এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল অর্জনকারীদের অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। একই সঙ্গে যারা প্রত্যাশিত ফল অর্জন করতে পারেনি, তাদের ভেঙে না পড়ে ধৈর্য ধারণ করে নতুন উদ্যমে পথচলা শুরু করার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১০ আগস্ট) এসএসসি-দাখিল ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, ‘ফলাফল নির্বিশেষে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ফলাফল যাই হোক না কেন পরীক্ষায় অংশগ্রহণ করার মাধ্যমেই তোমরা একটি উচ্চতর স্তরে পৌছে গিয়েছো। আর যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছ তোমাদেরকে বিশেষ অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের দিনটি তোমাদের জীবনের একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। এই দিনে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। কারণ একান্ত তাঁর দয়া ও রহমতেই তোমার এই সাফল্য। একই সাথে বাবা-মা ও শিক্ষকদের প্রতি তোমার বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। তারাই তোমার এই সাফল্যের ভিত্তি রচিত করেছে।’
চরমোনাই পীর বলেন, ‘যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারো নাই তাদেরকে বলবো, ধৈর্য ধারণ করতে হবে। ভেঙে পড়া যাবে না। হতাশ হওয়া যাবে না। জীবন অনেক বড়। এই জীবনে সম্ভাবনাও অনেক বড়। এই পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক কিন্তু এটা চূড়ান্ত ও সর্বশেষ মাইলফলক না। ফলে এই পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় কষ্ট হতে পারে কিন্তু তাতে ভেঙে পড়া যাবে না। বরং কোথায় ঘাটতি ছিলো তা খুঁজে বের করে নতুন উদ্যমে পথচলা শুরু করতে হবে।’
পীর সাহেব চরমোনাই অবিভাবকদের প্রতি আহ্বান রেখে বলেন, ‘আপনার সন্তানের পাশে থাকুন। যারা সফলতা পেয়েছে তাদের মধ্যে কৃতজ্ঞতাবোধ জাগ্রত করুন। আর যারা কাঙ্ক্ষিত ফল পায় নাই তাদেরকে সান্ত্বনা দিন। আশার পথ দেখান।’
