প্রবাসীদের সাড়ে ২১ হাজার পোস্টাল ব্যালট দেশে এসে পৌঁছেছে

বাসস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসীর গন্তব্যের দেশে পোস্টাল ব্যালট পৌঁছেছে। ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী ভোটদান সম্পন্ন করেছেন। আর ২১ হাজার ৫০৮ জন প্রবাসী ভোটারের ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে।

আজ মঙ্গলবার প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বাসসকে এসব তথ্য জানিয়েছেন।

সালীম আহমাদ খান বলেন, ২৭ জানুয়ারি সকাল সাড়ে ১০টা পর্যন্ত পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপে মাধ্যমে নিবন্ধনকারী ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের সংশ্লিষ্ট গন্তব্যের দেশে ব্যালট পৌঁছেছে। ৪ লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ৪ লাখ ২৫ হাজার ৭৮৮ জন প্রবাসী ভোটারের ভোটদান সম্পন্ন হয়েছে।

সালীম আহমাদ খান জানান, ৩ লাখ ৭০ হাজার ৩২২ জন প্রবাসী ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে ব্যালট জমা দিয়েছেন। অন্যদিকে ২১ হাজার ৫০৮ জন প্রবাসী ভোটারের ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে।

সালীম আহমাদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে (দেশে ও প্রবাসী মিলে) মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights