প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী সানোয়ারা বেগম (২৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সানোয়ারা বেগম বিশনন্দি মধ্যপাড়া এলাকার মালয়েশিয়া প্রবাসী আনিস মিয়ার স্ত্রী।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলার বিশনন্দি ইউনিয়নের বিশনন্দি মধ্যপাড়া এলাকায় স্বামীর নির্মাণাধীন নতুন বাড়ির একটি টিনশেড ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে। এ ঘটনায় নিহতের স্বজনরা পরিকল্পিত হত্যার অভিযোগ করেছেন।

নিহতের ভাই বাবুল বলেন, তাঁর বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধারের সময় সানোয়ারার সঙ্গে থাকা কয়েক ভরি স্বর্ণালঙ্কারের কোনো হদিস পাওয়া যায়নি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

গোপালদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেসুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনাস্থলে নারী পুলিশ সদস্যরা সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছেন।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights