প্রস্তুত হচ্ছে গোর-এ শহীদ ময়দান, থাকছে দুটি স্পেশাল ট্রেন

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে ঈদ জামাতের জন্য চলছে প্রস্তুতি। এই মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায়ে দূর-দূরান্তের মুসল্লিদের সুবিধার জন্য থাকছে বিশেষ ট্রেন। এখন সৌন্দর্য বাড়াতে মিনার সংস্কার, রং করা, ধোয়া, মাঠে মাটি ভরাটসহ আনুষঙ্গিক কাজ চলছে। এজন্য জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এ ছাড়াও ঈদের নামাজে আসা মুসল্লিদের জন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন।

মাঠের নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গায় নির্মাণ হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যবেক্ষণ টাওয়ার। সিসিটিভি স্থাপনের পাশাপাশি থাকবে গোয়েন্দা নজরদারি। মাঠের আরেকটি অংশে বেড়া দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন যানবাহনের গ্যারেজ।এ ছাড়াও পাশের স্টেশন ক্লাব, সার্কিট হাউজ, শিশু একাডেমি ও জেলা গণগ্রন্থাগারেও যানবাহন রাখার ব্যবস্থা করা হয়েছে। প্রবেশের জন্য মাঠের চারপাশে তৈরি করা হচ্ছে ১৯টি তোরণ। শহরের প্রবেশমুখ এবং মিনারে যাওয়ার রাস্তায় তৈরি হচ্ছে তোরণ। মুসল্লিদের জন্য মাঠে ওজুখানা ও ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা নেওয়া হয়েছে।

নামাজের সময় বিদ্যুতের পাশাপাশি থাকবে জেনারেটর। লাগানো হচ্ছে শতাধিক মাইক। এ ছাড়া র‌্যাবের জন্য তৈরি হচ্ছে ওয়াচ টাওয়ার ও সাংবাদিকদের জন্য বিশেষ মাচা। ঈদের দিন দিনাজপুরসহ পাশের জেলা ও উপজেলাসহ দূর-দূরান্তের মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধার্থে পার্বতীপুর থেকে সেতাবগঞ্জ পর্যন্ত দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা থাকছে।
দেশের সবচেয়ে বড় এই ঈদের জামাতে ইমামতি করবেন দিনাজপুর জেনারেল হাসপাতাল জামে মসজিদের খতিব মাওলানা শামসুল হক কাসেমী। ঈদের জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।

রবিবার মাঠ পরিদর্শনের পর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন, ঐতিহাসিক গোর-এ শহীদ বড় ময়দানে ঈদের জামাতকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদগাহের চারপাশে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা থাকবে। পুলিশের ড্রোন দিয়ে সাড়া মাঠ পর্যবেক্ষণে রাখা হবে। মাঠের আশপাশে সক্রিয় থাকবেন সাদা পোশাকে পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার সদস্যসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা। এ ছাড়া মাঠের নিরাপত্তায় নির্মিত হচ্ছে চারটি বড় পর্যবেক্ষণ টাওয়ার। ট্রাফিক ব্যবস্থা থাকবে শহরজুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights