প্রাক্তন শিক্ষার্থীদের পরিচয়পত্র দেওয়ার কথা ভাবছে ঢাবি

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রাক্তন শিক্ষার্থীরা যাতে ক্যাম্পাসে গেলে যাতে বহিরাগত না ভাবা হয় সেজন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে তাঁদের পরিচয়পত্র দেওয়ার বিষয়ে ভাবছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ।

প্রক্টর সাইফুদ্দিন বলেন, অ্যালামনাই (প্রাক্তন শিক্ষার্থী) বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশ্ববিদ্যালয়ে তাদের একটা ওনারশিপ আছে।বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কাছে আমরা অনুরোধ করব যেন তারা সদস্যদের কার্ড বা পরিচয়পত্র দেয়, যাতে যে কোনো প্রয়োজনে প্রাক্তন শিক্ষার্থীরা এটা ব্যবহার করতে পারেন।
ক্যাম্পাস থেকে ভবঘুরে বিতাড়িত করার বিষয়ে তিনি বলেন, ক্যাম্পাসে আমাদের প্রতিদিন ভবঘুরে আর মানসিক ভারসাম্যহীন লোকজন সামলাতে হয়। এই কাজ করতে করতে আমরা ক্লান্ত। বিষয়টি পদ্ধতিগতভাবে সমাধানের কথা ভাবছি। এর জন্য আমরা সমাজকল্যাণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা বলছি। তারা এসে যাতে ক্যাম্পাস থেকে ভবঘুরে আর মানসিক ভারসাম্যহীন লোকজন এসে নিয়ে যায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, সেই প্রক্রিয়ায় আমরা যাচ্ছি।

এর আগে ক্যাম্পাসকে বহিরাগতমুক্ত করার লক্ষ্যে অতি দ্রুত সময়ের মধ্যে অভিযান পরিচালিত হবে বলে ১৮ সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। ওই বিজ্ঞপ্তি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা প্রতিক্রিয়া দেখান। এমন প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি নিয়ে নতুন করে ভাবছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights