প্রি-রিলিজেই ৪০০ কোটির ক্লাবে বিজয়ের ‘জন নায়াগান’

অনলাইন ডেস্ক
এখন তিনি অভিনেতা নন, পুরোদস্তুর রাজনীতিক। রাজনীতিতে যুক্ত হওয়ার আগেই শোবিজকে বিদায় জানিয়েছেন দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপতি বিজয়। রাজনীতিতে আসার আগে তাঁর শেষ অভিনীত সিনেমা ‘জন নায়াগান’ মুক্তি পাবে আগামী বছরের শুরুতে।

ক্যারিয়ারের শেষ সিনেমায় বিজয়কে দেখা যাবে একজন রাজনৈতিক নেতার ভূমিকায়। মুক্তির দুই মাস আগেই সিনেমাটি বাণিজ্য মহলে বিপুল আগ্রহ সৃষ্টি করেছে। সাম্প্রতিক কালে কোনো তামিল সিনেমাকে ঘিরে এত আলোচনা হয়নি। বিশাল অঙ্কের প্রি-রিলিজ ব্যবসার কারণে ছবিটি ইতিমধ্যেই ভক্ত ও বাণিজ্য বিশ্লেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ছবিটির অগ্রিম আয় দ্রুত বাড়ছে এবং শিগগিরই ৪০০ কোটি রুপির মাইলফলক ছুঁয়ে ফেলবে। প্রতিদিনই বিভিন্ন স্বত্ব বিক্রির কারণে আয়ের অঙ্ক বাড়ছে হুড়মুড় করে।

শুধু তামিলনাড়ুর থিয়েটার স্বত্বই বিক্রি হয়েছে ১০০ কোটির বেশি দামে। বিদেশি স্বত্ব থেকে আয় হয়েছে প্রায় ৮০ কোটি রুপি। সংগীতের স্বত্ব বিক্রি হয়েছে ৩৫ কোটি রুপিতে। ডিজিটাল স্ট্রিমিং স্বত্ব নিয়েছে অ্যামাজন প্রাইম ভিডিও, মূল্য ১১০ কোটি রুপি।

সব মিলিয়ে ছবিটির প্রাক-মুক্তি আয় ইতিমধ্যেই ৩২৫ কোটি রুপির বেশি ছুঁয়েছে। যেহেতু স্যাটেলাইট ও অন্যান্য অঞ্চলের স্বত্ব এখনো চূড়ান্ত হয়নি, অনুমান করা হচ্ছে চূড়ান্ত অঙ্ক ৪০০ কোটির কাছাকাছি পৌঁছে যাবে শিগগিরই।

গত ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরেতে বিজয়ের নির্বাচনী সমাবেশে অতিরিক্ত ভিড় ও গরমে পদদলনের ঘটনা ঘটে। এতে মারা যান ৩৯ জনের বেশি মানুষ, আহত হন ১৫০ জনেরও বেশি। ঘটনার পর ‘জন নায়াগান’ মুক্তি নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেকে ধারণা করেছিলেন, সিনেমার মুক্তি স্থগিত হতে পারে।

তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে ৮ নভেম্বর প্রকাশিত হয়েছে ছবিটির টাইটেল ট্র্যাক ‘থালাপতি কাছেরি’। একই সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে মুক্তির তারিখও—আগামী ৯ জানুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘জন নায়াগান’।

এইচ বিনোথ পরিচালিত সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিথা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, নরেন ও প্রিয়ামণি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights