প্রিন্ট ভার্সন ট্রাম্পের পথ কাঁটাময়
প্রতিদিন ডেস্ক
দুই বছর খুব আয়েশ করে ক্ষমতার প্রয়োগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু দুই বছরের মাথায় এমন হোঁচট খেলেন, যা বাকি দুই বছর তাকে কাঁটাযুক্ত পদে হাঁটতে হবে। সদ্যসমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের ধাক্কা খেয়েছে ক্ষমতাসীন ট্রাম্পের রিপাবলিকান পার্টি। নির্বাচনে মার্কিন কংগ্রেসের দুই কক্ষ-প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) এবং সিনেটের নিয়ন্ত্রণ চলে গেছে বিরোধী ডেমোক্র্যাট পার্টির দখলে।
সিএনএনের পূর্বাভাস অনুযায়ী, ডেমোক্র্যাটরা হাউসের অন্তত ২৪৫টি আসন জিতবে। সিনেটে, দুটি আসনের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি : সিএনএন সাইটলাইন মিসিসিপির আসনটিকে নিরপেক্ষ এবং আলাস্কার আসনটিকে ডেমোক্র্যাটদের অনুকূলে বলে রেট দিয়েছে।
এদিকে মধ্যবর্তী নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রেসিডেন্ট ট্রাম্প তার মতামত প্রকাশ করেছেন। তিনি মূলত ইরান যুদ্ধকে দোষারোপ করেছেন। তিনি বলেছেন, রিপাবলিকানদের শোচনীয় পরাজয়ে ইরান যুদ্ধের ভূমিকা ‘অনেকটা সত্যি’। যা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কথারই প্রতিধ্বনি। অনেক রিপাবলিকান আইনপ্রণেতা ও তাদের মিত্ররা প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন। এবার হয়তো এ কারণে পিট হেগসেথে ফেসে যাবেন। আগামী সপ্তাহেই নিম্নকক্ষ পেন্টাগনের প্রধানকে অভিশংসন করার জন্য ভোট দিতে পারে। এদিকে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে প্রত্যাশিত তদন্তের আগে ডেমোক্র্যাটরা সিনেটে নথি সংরক্ষণের চিঠি দিয়েছে। বর্তমান ও সাবেক কর্মকর্তাদের মতে, ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি কংগ্রেসের ব্যাপক তদারকি প্রচেষ্টার জন্য প্রস্তুতি নিচ্ছে।
বিশ্লেষকদের মতে, ভোটাররা বর্তমান প্রশাসনের অর্থনৈতিক নীতি, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এবং মধ্যপ্রাচ্য সংঘাতসহ সামগ্রিক বৈদেশিক নীতির ওপর নিজেদের তীব্র অসন্তুষ্টি প্রকাশ করেছেন। টেক্সাস, ক্যানসাস ও সাউথ ক্যারোলাইনার মতো ঐতিহ্যগতভাবে রক্ষণশীল বা শক্তঘাঁটি হিসেবে পরিচিত রাজ্যগুলোতেও বড় জয় তুলে নিয়েছে ডেমোক্র্যাটরা, যা রাজনৈতিক অঙ্গনে বেশ বড় চমক সৃষ্টি করেছে।
এদিকে ট্রাম্পের কঠোর সমালোচক হাকিম জেফ্রিস যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে। -সিএনএন, ওয়াশিংটন পোস্ট, আলজাজিরা, এএফপি
