প্রেমিককে কুপিয়ে আহতের জেরে প্রেমিকার বাড়ি-ঘরে আগুন
নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে প্রেমিকার ভাইসহ পরিবারের সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে সাজ্জাদ হোসেন নামের এক প্রেমিক যুবককে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার জেরে ক্ষিপ্ত হয়ে প্রেমিকার বাড়ি, তার চাচা ও ফুফুর বাড়িতে আগুন দিয়েছে প্রেমিকের স্বজনরা।
রবিবার (২৬ এপ্রিল) রাতে নরসিংদীর মাধবদীর খরমুদ্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সাজ্জাদ হোসেন (২২) পৌর এলাকার খরমুদ্দি মহল্লার মাহতাব মিয়ার ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই এলাকার আমির হোসেনের মেয়ে ফারজানা আক্তার (১৭)-এর সঙ্গে সাজ্জাদের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ফারজানা সাজ্জাদের সঙ্গে পালিয়ে গেলে মেয়ের পরিবার এ সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে তাকে বাড়িতে ফিরিয়ে আনে। রোববার সকালে ফারজানা আবারও প্রেমিকের কাছে চলে গেলে ক্ষিপ্ত হয়ে তার ভাই, চাচাসহ কয়েকজন সাজ্জাদকে এলাকায় একটি মসজিদের পাশে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর আহত সাজ্জাদকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনার পর ক্ষুব্ধ হয়ে সাজ্জাদের পরিবারের সদস্যরা প্রেমিকার নিজ বাড়িসহ তার চাচা ও ফুফুর মোট চারটি বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় ঘরের লোকজন আতঙ্কে ছুটোছুটি করে নিজেদের রক্ষা করেন। ফায়ার সার্ভিসকে বাধা দেওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘরের আসবাবপত্রসহ প্রায় সবকিছু পুড়ে যায়।
মাধবদী ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রায়হান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও স্থানীয়দের বাধার কারণে তারা অগ্নিনির্বাপণ কাজে অংশ নিতে পারেননি। ফলে চারটি বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মাধবদী থানার ওসি কামাল হোসেন বলেন, প্রেমিক-প্রেমিকা সংক্রান্ত বিরোধের জেরে একজনকে কুপিয়ে আহত করা হয়েছে। পরবর্তীতে এ ঘটনার জেরে বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
