প্রেসিডেন্ট ট্রাম্পের গলফ কোর্সের কাছে সশস্ত্র ব্যক্তি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়ায় পৌঁছানোর ঠিক আগেই তার নিরাপত্তায় বড় ধরনের শঙ্কা দেখা দিয়েছে। ট্রাম্পের গলফ কোর্সের বাইরে থেকে এক সশস্ত্র ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরবর্তীতে তার বাড়ি থেকে ভয়ানক সব আগ্নেয়াস্ত্র ও বর্ম উদ্ধার করা হয়েছে!

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগ মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, গত সপ্তাহান্তে ‘ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাব’-এর বাইরে থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তখন প্রেসিডেন্ট ট্রাম্প ‘এয়ারফোর্স ওয়ান’ বিমানে করে র‌্যাঞ্চো পালোস ভার্দেসের ওই গলফ কোর্সেই একটি নৈশভোজে যোগ দিতে আসছিলেন। কেন্দ্রীয় গোয়েন্দারা সন্দেহভাজনকে সেখানে ঘোরাঘুরি করতে দেখেন।

গ্রেপ্তার ৩৮ বছর বয়সী ওই ব্যক্তির নাম জেনিন জন তেলি। কর্মকর্তারা জানান, তেলি গলফ কোর্সের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করার পাশাপাশি ছবি ও ভিডিও ধারণ করছিলেন। লুকিয়ে আগ্নেয়াস্ত্র ও নিষিদ্ধ গোলাবারুদ বহনের দায়ে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া এল সেগুন্ডো পুলিশের অধীনে ২০২৫ সালের নভেম্বরের একটি ডাকাতি মামলাতেও তিনি সন্দেহভাজন।

মঙ্গলবার আদালতে ডাকাতি ও অস্ত্র মামলাসহ মোট চারটি অভিযোগে তেলি নিজেকে নির্দোষ দাবি করেন। আদালত তার আড়াই লাখ ডলার জামিন নির্ধারণ করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গলফ ক্লাব থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন।

এদিকে, সোমবার তেলির বাড়িতে তল্লাশি চালায় এফবিআইয়ের জয়েন্ট টেররিজম টাস্কফোর্স। সেখান থেকে অবৈধভাবে পরিবর্তন করা এআর-স্টাইল রাইফেল, .৪৫ ক্যালিবার পিস্তল, বডি আর্মার, হাই-ক্যাপাসিটি ম্যাগাজিন, গোলাবারুদ, রেডিও ডিভাইস এবং উদ্বেগজনক তথ্যসহ কিছু নোটবুক উদ্ধার করা হয়।

মার্কিন সিক্রেট সার্ভিস ও এফবিআই তদন্ত করছে, তেলি আসলেই ট্রাম্পের জন্য কোনো হুমকি ছিলেন কি না এবং সামনে তার বিরুদ্ধে আরও অভিযোগ আসতে পারে। তবে শেরিফ বিভাগ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো হামলার পরিকল্পনা বা সাধারণ মানুষের জন্য কোনো ঝুঁকি পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights