প্লাবিত হতে পারে আট জেলার নিম্নাঞ্চল

নিজস্ব প্রতিবেদক

দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের আট জেলায় নতুন করে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। আজকের মধ্যে ব্রহ্মপুত্র-যমুনা নদনদীর পানি আরও বেড়ে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের কিছু এলাকায় সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। একই সময়ে আত্রাই নদীর পানি বাড়ায় নওগাঁ ও নাটোরের কিছু এলাকাতেও সতর্কসীমা অতিক্রমের আশঙ্কা রয়েছে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)। এদিকে সিলেটের কুশিয়ারা নদী এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি বিদ্যমান রয়েছে। দুই দিন পরে সিলেটের সুরমা-কুশিয়ারার পানি কমতে পারে বলে জানিয়েছে এফএফডব্লিউসি।

গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল থেকে শনিবার সকাল) ব্রহ্মপুত্র-যমুনা নদনদীর পানি বেড়েছে। আরও এক দিন পানি বাড়তে পারে। এরপর দুই দিন স্থিতিশীল থেকে চতুর্থ ও পঞ্চম দিনে কমতে পারে। ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের কিছু স্থান আজকের মধ্যে প্লাবিত হতে পারে। গঙ্গা-পদ্মা নদনদীর পানিও বাড়ছে এবং আগামী চার দিন এই বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

উত্তর-পশ্চিমাঞ্চলের আত্রাই নদীর পানিও ২৪ ঘণ্টায় বেড়েছে। আজকের মধ্যে আরও বেড়ে নওগাঁ ও নাটোরের কিছু এলাকায় নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এরপর এক দিন স্থিতিশীল থেকে পানি কমার সম্ভাবনা আছে। বন্যার আশঙ্কার মধ্যে দুই দিন সিলেট, চট্টগ্রাম ও রংপুর বিভাগ এবং এসব অঞ্চলের উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া সংস্থাগুলো। একই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে। লঘুচাপ সৃষ্টি এবং উজান ও দেশের অভ্যন্তরে বৃষ্টিপাতের ওপর নদনদীর পানির পরিস্থিতি নির্ভর করছে। রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি ২৪ ঘণ্টায় কমেছে। এক দিন স্থিতিশীল থেকে পরবর্তী দুই দিনে পানি আবার বাড়তে পারে।

চট্টগ্রাম বিভাগের নদনদীর পানি কমছে।

এফএফডব্লিউসির গতকাল সকাল ৯টার পর্যবেক্ষণ অনুযায়ী, দেশের ১২৭টি পানি সমতল পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে ৬৬টিতে পানি বেড়েছে, কমেছে ৬০টিতে এবং অপরিবর্তিত রয়েছে একটি স্টেশনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights