ফটিকছড়িতে কৃষকের পাকা ধান পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়িতে বর্গাচাষী কৃষক মুহাম্মদ সেলিমের পাকা আমন ধানের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার গভীর রাতে ফটিকছড়ি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাগমারা খামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকালে ধান মাড়াইয়ের প্রস্তুতি নিতে গিয়ে সেলিম দেখতে পান—খেতের পাশের লিজ নেওয়া জমিতে রাখা সব ধান ছাই হয়ে গেছে। গত এক সপ্তাহে হারুয়ালছড়ি, দৌলতপুর ও বাগমারা মিলিয়ে কৃষকের ধান পুড়ানোর তিনটি ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সেলিম জানান, ২০০ শতক (৫ কানি) জমির ধান কেটে গাদা করে রাখা ছিল। রাতের অন্ধকারে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে সব ধান নষ্ট করে দিয়েছে। পূর্বশত্রুতার জেরেই এ ঘটনা হতে পারে বলে মনে করেন তিনি।

তিনি বলেন, ‘এসব জমি বর্গা নিয়ে চাষ করি। অন্তত ৫০০ আড়ি ধান হতো। মানুষের সঙ্গে বিরোধ থাকতে পারে, কিন্তু ধানের কী দোষ? যারা এটা করেছে তাদের কঠোর শাস্তি চাই।’

স্থানীয় বাসিন্দারা বলেন, সেলিম গরিব ও পরিশ্রমী বর্গাচাষী। তার ধান পুড়ে যাওয়ার ঘটনায় গ্রামের মানুষ আতঙ্কে আছে।

রাঙ্গামাটিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সপ্তাহের ব্যবধানে তিনটি ধান পোড়ানোর ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে।’

ফটিকছড়ি থানার ওসি নূর আহমেদ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দায়ীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক জানান, ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘এ ধরনের ঘটনা অমানবিক। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights