ফটিকছড়িতে ভোটকেন্দ্রের এনভিআর ও সরঞ্জাম চুরি
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঠানো ভোটকেন্দ্রের এনভিআরসহ বিভিন্ন নিরাপত্তা সরঞ্জাম চুরি হয়েছে। বিদ্যালয়টি উপজেলার ১০৫ নম্বর ভোটকেন্দ্র হিসেবে নির্ধারিত।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৯ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ভোরের মধ্যে কোনো এক সময়ে চুরির ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ হোসেন জানান, ২৯ জানুয়ারি বিকেল চারটায় নিয়মিত সময় অনুযায়ী বিদ্যালয় ছুটি হয়। এরপর শুক্র, শনি ও রবিবার বিদ্যালয় বন্ধ ছিল। সোমবার সকালে বিদ্যালয়ে এসে একাধিক কক্ষের তালা ভাঙা দেখতে পান তিনি। ভেতরে গিয়ে দেখা যায়, নির্বাচনি নিরাপত্তার জন্য সম্প্রতি স্থাপন করা সিসিটিভি ক্যামেরার এনভিআর, রাউটার ও মনিটর চুরি হয়ে গেছে।
তিনি আরও জানান, চোরেরা বিদ্যালয়ের আইপিএস, ব্যাটারি, কম্পিউটারের মাউস ও কিবোর্ড, সাউন্ড বক্স, ব্যাংকের চেক বই এবং বিদ্যালয়ের ঘণ্টাসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে গেছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ অবস্থায় পাওয়া গেছে। বিষয়টি ফটিকছড়ি থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।
প্রধান শিক্ষক অভিযোগ করেন, বিদ্যালয়ের নৈশপ্রহরী মো. জোবায়েরের অনুপস্থিতির সময়ই চুরির ঘটনা ঘটে। ঘটনার তিন দিন তিনি বিদ্যালয়ে দায়িত্বে ছিলেন না বলে জানান তিনি।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিদ্যালয়ের নৈশপ্রহরীকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে নিয়মিত মামলা গ্রহণ করা হবে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপন করে ক্যামেরাগুলো সচল করা হবে।
