ফয়সালকে ভারতে পালাতে সহযোগিতাকারী ২ জন রিমান্ডে

অনলাইন ডেস্ক

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেফতার সিভিয়ন ডিউ (৩২) ও সঞ্জয় চিসিমের (২২) তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডকৃত এই দুই আসামি এজাহার নামীয় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদের (৩৭) ও তার সহযোগী অজ্ঞাতনামা আসামিকে অবৈধ পথে ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে বলে সাক্ষ্য-প্রমাণ ও প্রযুক্তি সহযোগিতায় তথ্য পাওয়া গেছে বলে রিমান্ড আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ উল্লেখ করেছেন। আসামি সিভিয়ন ডিউ (৩২) হালুয়াঘাট ও ধুবাউরা উপজেলার সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য জুয়েল আড়েং-এর ভাগ্নে।

এর আগে, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে এসে দুই যুবক শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক সার্জারি (অস্ত্রোপচার) করেন চিকিৎসকরা।

এরপর তাকে পরিবারের সিদ্ধান্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) চিকিৎসাধীন ছিলেন উসমান হাদি। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে গত সোমবার (১৫ ডিসেম্বর) সিঙ্গাপুরে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights