ফরিদপুরে ‘কুরআনের নূর’ বাছাইয়ে হলুদ কার্ড পেলেন ৫০ খুদে হাফেজ

কামরুজ্জামান সোহেল, ফরিদপুর

কোমলমতি খুদে হাফেজদের প্রাণবন্ত উপস্থিতিতে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৪-এর ফরিদপুর বিভাগের প্রথম অডিশন শেষ হয়েছে। ১০ জন বাছাইয়ের চূড়ান্ত পর্বের জন্য ৫০ জনকে হলুদ কার্ড দেওয়া হয়েছে।

এর আগে সোমবার সকালে অডিশনে ফরিদপুর বিভাগের ৯৯০ জন কোরআনের পাখিরা রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ করেন। সেখান থেকে ৫০ জন হাফেজকে বাছাই করা হয়। এর মধ্যে জাতীয়ভাবে অংশ নেওয়ার জন্য ১০ জনকে হাফেজকে ইয়েস কার্ড দেওয়া হবে।

সকাল ৯টা থেকে ‘কুরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা’ শিরোনামে ফরিদপুর সদরের অম্বিকাপুর ইসলামিক শরিয়াহ রিসার্স সেন্টার চত্বরে রেজিস্ট্রেশনের মাধ্যমে এ প্রতিযোগিতা শুরু হয়।
বৃহত্তর ফরিদপুর অঞ্চলের ৫ জেলা তথা ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর ও রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকা থেকে নানা পরিবহনের মাধ্যমে কুরআনের পাখিরা (প্রতিযোগীরা) সকাল সাড়ে ৮টা থেকে সুশৃঙ্খলভাবে মাঠে প্রবেশ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। সেই সাথে স্বেচ্ছাসেবীরা তাদের সর্বোচ্চ শ্রম দিয়ে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করেছেন। প্রতিযোগীদের পদচারণায় মাদারাসা চত্বরে অন্যরকম প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির আয়োজনে কুরআনের পাখিদের সর্ববৃহৎ মিলনমেলা আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৪ ‘কুরআনের নূর’-এর ফরিদপুর বিভাগের এই অডিশনের রেজিস্ট্রেশন শেষে প্রথম পর্বের প্রতিযোগিতা শেষ হয় বেলা ১টায়।

রেজিস্ট্রেশনকৃত কুরআনের ৬৯০ জন প্রতিযোগী থেকে দ্বিতীয় পর্বে ৫০ জনকে বাছাই করে হলুদ কার্ড দেওয়া হয়েছে।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি এহসানুল হক জিলানী, ঢাকা টিপটপ জামে মসজিদের খতিব হযরত মাওলানা আরিফুদ্দিন মারুফ, হাফেজ ক্বারী হাসান, হাফেজ ক্বারী মহসিন, হাফেজ মো. হেদায়েত উল্লাহ, হাফেজ আবু নাঈম, হাফেজ মো. তাউহিদুজ্জামান, হাফেজ মো. ওমর ফারুক, হাফেজ মেজবাউদ্দিন, হাফেজ বেলাল হোসাইন, হাফেজ মাওলানা শরিফুল ইসলাম।

এবারের কুরআনের নূর প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ের প্রথম বিজয়ী হাফেজ পাবেন ১০ লাখ টাকা ও সম্মাননা। দ্বিতীয় বিজয়ী পাবেন ৭ লাখ টাকা ও সম্মাননা। তৃতীয় পুরস্কার ৫ লাখ টাকা ও সম্মাননা। চতুর্থ ও পঞ্চম পুরস্কার ২ লাখ টাকা করে এবং সম্মাননা। এ ছাড়া ষষ্ঠ থেকে অষ্টম স্থান অর্জনকারী বাকি তিনজন পাবেন ১ লাখ টাকা করে আর্থিক পুরস্কার ও সম্মাননা। এবারও জাতীয় পর্যায়ের আট বিজয়ী, তাদের পরিবার ও ওস্তাদকে ওমরাহ পালনের জন্য সৌদি আরব পাঠানো হবে বলে জানা গেছে। অন্যদিকে প্রতিযোগিতার আন্তর্জাতিক পর্যায়ের প্রথম বিজয়ী পাবেন ১৫ লাখ টাকা ও সম্মাননা। দ্বিতীয় বিজয়ী পাবেন ১০ লাখ টাকা ও সম্মাননা এবং তৃতীয় বিজয় পাবেন ৫ লাখ টাকা ও সম্মাননা।

ফরিদপুর অডিশন বিভাগের সমন্বয়ক হাফেজ মাওলানা রাকিব হাসান উচমানী বলেন, আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৪টি বুথে ফরিদপুরে সাড়ে ৬শ অনূর্ধ্ব ১৬ বছর বয়সী কুরআনের হাফেজরা এ অডিশনে রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশ নিয়েছেন। প্রথম পর্বে প্রতিযোগিতা বেলা ১টায় শেষ হয়। ৫০ জনকে দ্বিতীয় অডিশনের জন্য বাছাই করে হলুদ কার্ড দেওয়া হয়েছে। অডিশনে জাতীয় মসজিদ বায়তুল মোকারমের পেশ ইমাম মুফতি এহসানুল হক জিলানীসহ মোট ১১ জন বিচারক মণ্ডলি এই অডিশনের বিচারকার্য পরিচালনা করেছেন। সবশেষে জাতীয়ভাবে প্রতিযোগিতা জন্য ১০ জনকে ইয়েসকার্ড দেওয়া হবে।

এই প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজটোয়েন্টিফোর.কম, ক্যাপিটাল এফএম। আর পবিত্র রমজানে কুরআনের নূর সম্প্রচারিত হবে নিউজটোয়েন্টিফোর টেলিভিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights