ফাইনালে ওঠার আত্মবিশ্বাস আছে জামাল ভূঁইয়ার
রাত পোহালেই সেমিফাইনাল। সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে বাংলাদেশের লড়াইয়ের দিন। ভারতের বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বিকেলে সাড়ে ৩টায় কুয়েতের বিপক্ষে সেমিফাইনাল খেলতে নামছে বাংলাদেশ। এই ম্যাচের মধ্য দিয়ে দীর্ঘ ৩৭ বছর পর ফুটবল মাঠে দেখা হচ্ছে বাংলাদেশ ও কুয়েতের।
কুয়েত শক্তিশালী দল। তবে বাংলাদেশের খেলোয়াড়দের এই ম্যাচ জিতে ফাইনালে ওঠার আত্মবিশ্বাস আছে। গ্রুপপর্বে খেলা তিন ম্যাচই বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। তাই কুয়েত শক্তিতে এগিয়ে থাকলেও বাংলাদেশ ফাইনালে চোখ রেখেই খেলতে নামবে।
কুয়েতের বিপক্ষে সেমিফাইনালের আগে আজ (শুক্রবার) দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, ‘আমরা জানি, এই টুর্নামেন্ট এবং এই সেমিফাইনাল আমাদের নিজেদের হাতে আছে। বাংলাদেশের মানুষ যারা ফুটবলকে সাপোর্ট করেন, তারা সবাই প্রত্যাশা করেন যে, আমরা ফাইনালে যাবো। ইনশাআল্লাহ আমরা যদি একটা পজিটিভ রেজাল্ট করতে পারি, তাহলে ফুটবলের হাইপ আরো বাড়বে। আমরা জানি বাংলাদেশের মানুষ ফুটবল ফলো করে। আমাদের সে দিকেও নজর রাখতে হবে।’
কুয়েতকে শক্তিশালী দল উল্লেখ করে জামাল ভূঁইয়া বলেছেন, ‘আমরা জানি কুয়েত খুবই ভালো দল, খুবই শক্তিশালী দল। তারা অন্য গ্রুপের সেরা হয়ে সেমিফাইনাল খেলছে। তবে আমাদের আত্মবিশ্বাস আছে। আমরা দল হয়ে খেলবো। আমাদের কিছু খেলোয়াড় আছেন, যারা প্রতিদ্বন্দ্বিতা করতে জানেন। যারা প্রতিপক্ষেকে দমিয়ে রাখতে পারেন। তাই বলবো, আমরা প্রস্তুত এই সেমিফাইনালের জন্য। আমরা ফিজিকালি কিছুটা ক্লান্ত হলেও মানসিকভাবে শতভাগ প্রস্তুত।’
সেমিফাইনাল জিততে বাংলাদেশ আত্মবিশ্বাসী হলেও অতি আত্মবিশ্বাসী নয়। এ প্রসঙ্গে অধিনায়ক বলেছেন, ‘সেমিফাইনালের আগে আমাদের ভালো আত্মবিশ্বাস আছে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস ভালো নয়। আমাদের প্রত্যোকেরই কুয়েতের প্রতি সম্মান আছে। আমরা দেখেছি, গ্রুপ মাচে তারা ভারতকে কিভাবে চাপে রেখেছিল। আমরা আজ শেষ অনুশীলন করবো। সেখানে আমরা অবশ্যই কুয়েতকে কিভাবে মোকাবিলা যায় তা নিয়ে নিজেদের মধ্যে কথা বলবো।
বাংলাদেশ অধিনায়ক যোগ করেন, ‘আমাদের টিম মিটিংও আছে। সেখানেও এ ম্যাচ নিয়ে আলোচনা হবে। কিভাবে ফাইনালে ওঠা যায় আমরা অবশ্যই সেই পথ খুঁজবো। কারণ, আমরা এখানে কেবল অংশ নিতেই আসিনি, ভালো কিছু করতেও এসেছি। আমরা জানি দেশের মানুষ এই ম্যাচ দেখবে। আমরা জানি আমাদের দায়িত্বের কথা। আমরা ভালো কিছু করতে চাই এবং আমি বিশ্বাস করি ভালো কিছু করতে পারবো।’
সেমিফাইনালে নিজেদের ওপর বেশি নজর দিতে চান জামাল ভূঁইয়া, ‘আমাদের নিজেদের খেলাটা খেলতে হবে। আমাদের নিজেদের দিকে নজর রাখতে হবে। কিভাবে গোল করতে হবে, কিভাবে আক্রমণ করতে হবে এবং কিভাবে প্রতিপক্ষকে ডিফেন্স করতে হবে-আমাদের এসবেই নজর রাখতে হবে। তাই আমি বলবো প্রথমেই আমাদের নিজেদের দিকে নজর দিতে হবে। তা নাহলে ম্যাচ কঠিন হয়ে যেতে পারে আমাদের জন্য।’
