ফাইনালে ড্যাফোডিল-সোনারগাঁও ইউনিভার্সিটি
ক্রীড়া প্রতিবেদক
ঢাকার বসুন্ধরা স্পোর্টস সিটিতে ডেইলি সান ‘ইউনিভার্সিটি চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’-এর ফাইনাল নিশ্চিত করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও সোনারগাঁও ইউনিভার্সিটি (এসইউ)। গতকাল বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশকে ৬ উইকেটে হারায় সোনারগাঁও ইউনিভার্সিটি। টস জিতে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান করে। জবাবে ৪ উইকেট হারিয়ে ৮ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় সোনারগাঁও ইউনিভার্সিটি। দ্বিতীয় সেমিফাইনালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৭ উইকেটের জয় পায় ইউনিভার্সিটি অব স্কলার্সের বিরুদ্ধে। প্রথমে ব্যাট করতে নেমে ১১৫ রানে গুটিয়ে যায় ইউনিভার্সিটি অব স্কলার্স। জবাবে ১৫.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ফলে ‘ইউনিভার্সিটি চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’-এর প্রথম আসরের ফাইনালে মুখোমুখি হবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সোনারগাঁও ইউনিভার্সিটি। প্রথমবারের মতো বেসরকারি ২৪টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে আয়োজন করা হয় এই ক্রিকেট লড়াই।
