ফিটনেসে মনোযোগী টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ সফরে তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলবে নিউজিল্যান্ড। সফরের জন্য স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। স্বাগতিক বাংলাদেশ এখনো দল ঘোষণা করেনি। কয়েক দিনের মধ্যে ঘোষণা করবে। স্কোয়াড ঘোষণা না করলেও লিটন দাস, সৌম্য সরকার, মাহামুদুল হাসান, খালিদ আহমেদরা অনুশীলন করছেন। গতকাল দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। টাইগার ক্রিকেটাররা অনুশীলন করছেন হেড কোচ ফিল সিমন্স, সহকারী কোচ মোহাম্মদ সালউদ্দিন, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টের অধীনে। এ ছাড়া সহায়তা করছেন সোহেল ইসলাম ও ট্রেনার ইফতেখারুল ইফতি। অনুশীলনের সময় বৃষ্টি হয়েছে। তখন অনুশীলন বন্ধ ছিল। ক্রিকেটাররা দৌড়ে চলে যান ড্রেসিং রুমে। বৃষ্টিতে ভিজে তখন অনুশীলন মার্কসগুলো তুলে নেন ফিল্ডিং কোচ প্যামেন্ট। তাকে সহায়তা করেন সহকারী কোচ আশিক চৌধুরী।

টাইগার ক্রিকেটররা দুই দিন ধরে একটু ভিন্ন ধারায় অনুশীলন করেন। ফিটনেস বাড়াতে রানিং, স্ট্রেচিং ছাড়াও কোমরে ভারী পদার্থ বেঁধে টেনে নিয়ে যাওয়া এবং মুখে রেজিস্ট্যান্স মাস্ক পরে অনুশীলন করেন লিটনরা। রেজিস্ট্যান্স মাস্ক পরে খেলার মূল কারণ স্ট্যামিনা বাড়ানো। এই মাস্ক পরে হাঁটলে ও দৌড়ালে শ্বাস নিতে কষ্ট হয়। এতে ফুসফুসের শক্তি বাড়ে। যা স্ট্যামিনা বাড়ায়। দীর্ঘ সময় ব্যাটিং করতে সক্ষম হবে ব্যাটাররা। কোমরে ভারী বস্তু টেনে নিয়ে যাওয়ার কারণ, পায়ের শক্তি বাড়ানো। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হবে আইসিসির র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে হবে বাংলাদেশকে। পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে ৯ নম্বরে বাংলাদেশ। বাংলাদেশের র‌্যাঙ্কিং পয়েন্ট ৭৯। ১০ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের ৭৭। ৮ নম্বরে থাকা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের র‌্যাঙ্কিং পয়েন্ট ৮৮। সবার ওপরে ভারতের পয়েন্ট ১১৯। নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগাররা শুরুতে ওয়ানডে সিরিজ খেলবে। ১৭ ও ২০ এপ্রিল মিরপুরে দুটি ওয়ানডে এবং ২৩ এপ্রিল চট্টগ্রামে খেলবে তৃতীয় ওয়ানডে। ওয়ানডে তিনটি শুরু হবে দুপুর ২টায়। ২৭ ও ২৯ এপ্রিল দুটি টি-২০ চট্টগ্রামে সন্ধ্যা ৬টায়। ২ মে তৃতীয় ও শেষ টি-২০ মিরপুরে দুপুর ২টায় শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights