ফিফা ইস্যুতে সুর নরম উয়েফার

অনলাইন ডেস্ক

ফিফার টুর্নামেন্ট বয়কটের হুমকির অনড় অবস্থান থেকে সরে আসার প্রস্তুতি নিয়েছে উয়েফা। বিশ্বকাপ ও অন্যান্য প্রতিযোগিতায় মালিকানার অংশবিশেষ বিক্রির পরিকল্পনা আর সামনে আনা হবে না, এমন নিশ্চয়তা পাওয়ার পরই তারা এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

বুধবার (২৬ আগস্ট) সংশ্লিষ্ট সূত্রগুলো বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। গত জুলাইয়ে ফিফা একটি বিতর্কিত প্রস্তাব প্রত্যাহার করে নেওয়ার পর এই পদক্ষেপটি নেওয়া হচ্ছে। ওই প্রস্তাবটি উয়েফার ৫৫টি সদস্য অ্যাসোসিয়েশনের তীব্র বিরোধিতার মুখে পড়েছিল। গত মাসে পরিকল্পনার বিস্তারিত তথ্য প্রকাশের পর তারা ফিফার প্রতিযোগিতা বয়কটের বিষয়ে একমত হয়েছিল।

সূত্রগুলো জানিয়েছে, বৃহস্পতিবার মোনাকোতে অনুষ্ঠিতব্য বৈঠকে উয়েফার কর্মকর্তারা সংস্থার নির্বাহী কমিটি এবং অধিকাংশ সদস্য অ্যাসোসিয়েশনের সভাপতিরা বয়কট প্রত্যাহারের শর্তগুলো নিয়ে আলোচনা করবেন। উয়েফা কেবল প্রস্তাবটি প্রত্যাহারই নয়, বরং ভবিষ্যতে এ ধরনের কোনো পরিকল্পনা আর গ্রহণ করা হবে না এমন নিশ্চয়তাও চেয়েছিল।

আলোচনা সম্পর্কে অবগত একটি সূত্র রয়টার্সকে বলেছে, এটি উয়েফার কোনো পরাজয় নয়, বরং তরুণ খেলোয়াড়দের জীবনে একবারই আসে এমন সুযোগ নষ্ট না করার বাস্তবসম্মত সিদ্ধান্ত। পরিবর্তন আনার প্রচেষ্টা ও দাবি অব্যাহত থাকবে।

বয়কটের তাৎক্ষণিক হুমকি সরে গেলেও, মালিকানা বিক্রির ওই প্রস্তাবের জেরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে উয়েফার প্রচারণা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে। মোনাকোর বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার আশা করা হচ্ছে।

‘দ্য অ্যাথলেটিক’-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে ‘ইউরোপিয়ান লিগস’-এর সভাপতি ক্লডিয়াস শেফার বলেছেন, ফিফায় ইনফান্তিনোর কোনো ভবিষ্যৎ নেই। তিনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থায় সংস্কার এবং সভাপতির দায়িত্ব পুনর্বিন্যাসের ওপর জোর দেন। ইউরোপিয়ান লিগস পুরুষ ও নারীদের ৫৩টি পেশাদার ফুটবল লিগের প্রতিনিধিত্ব করে।

ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে তিনটি কনফেডারেশন উয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন এবং কনকাকাফচাপ চাপ প্রয়োগ করছে। আঞ্চলিক নিয়ন্ত্রক সংস্থাগুলো ফিফা প্রধানের বিরুদ্ধে অনাস্থা ভোটের বিষয়টি নিয়ে আলোচনা করেছে। ইনফান্তিনো আগামী বছর চতুর্থ মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ার পরিকল্পনা করছেন, তবে তাকে প্রবল বিরোধিতার মুখে পড়তে হতে পারে।

আফ্রিকান ও দক্ষিণ আমেরিকান কনফেডারেশনের সমর্থন ধরে রাখা ইনফান্তিনো কনফেডারেশনগুলোকে পাশ কাটিয়ে সরাসরি স্বতন্ত্র সদস্যদের কাছে আবেদন করার কৌশল নিয়েছেন। দলগুলো বর্তমানে পোল্যান্ডে অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে। ৫ সেপ্টেম্বর থেকে আসরটি শুরু হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights