ফিফার বর্তমান নেতৃত্বের ওপর অনাস্থা উয়েফার
অনলাইন ডেস্ক
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বর্তমান নেতৃত্বের ওপর আস্থা হারানোর দাবি করেছেন ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। বিশ্বকাপ ও অন্যান্য প্রতিযোগিতার আংশিক মালিকানা বা শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব প্রত্যাহার না করলে ফিফাকে বয়কট করার বিষয়ে উয়েফা ভোট দেয়।
ব্যাপক সমালোচনার মুখে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো স্থানীয় সময় শুক্রবার(৩১ জুলাই) গভীর রাতে ঘোষণা করেন,তিনি এই পরিকল্পনাটি বাতিল করছেন। উয়েফা উল্লেখ করেছে, ফিফার নেতৃত্বের ওপর ফুটবল সংশ্লিষ্ট আরও অনেক সদস্যও আস্থা হারিয়েছেন। তারা অংশীদার ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে মিলে বিদ্যমান ‘ফিফা ফরোয়ার্ড প্রোগ্রাম’-এর মাধ্যমে সম্পদ বণ্টনের নতুন কোনো পদ্ধতি প্রস্তাব করতে চায়।
উয়েফা এক বিবৃতিতে ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতার অভিযোগও আনা হয় এবং ২০১৬ সালে ফিফা সভাপতি হওয়ার প্রচারণার সময় দেওয়া তার একটি বক্তব্যের উদ্ধৃতি দেওয়া হয়। ওই সময় ইনফান্তিনো ফিফার সদস্য সংস্থাগুলোর কাছে আস্থা ও ভোট চেয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, অবশ্যই আমাদের স্বচ্ছ হতে হবে। সেখানে উপস্থিত সংশ্লিষ্টদের তিনি বলেছিলেন, ফিফার অর্থ আপনাদের অর্থ। এটি ফিফা সভাপতির অর্থ নয়। আপনারা হলেন জাতীয় ফুটবল সংস্থা এবং ফিফার অর্থ ফুটবলের উন্নয়নের কাজেই ব্যয় হতে হবে, অন্য কোনো উদ্দেশ্যে নয়।
উয়েফা দাবি করেছে, এই দুটি প্রতিশ্রুতির কোনোটিই ফিফা সভাপতি রক্ষা করতে পারেননি। পর্দার আড়ালে অস্বচ্ছ ও প্রশ্নবিদ্ধ চুক্তির পরিকল্পনা তিনি করেছিলেন এবং জোরপূর্বক কার্যকর করার চেষ্টা চালিয়েছিলেন, তা কোনোভাবেই স্বচ্ছ ছিল না।
বিশ্বকাপের মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনার প্রস্তাবের প্রতিবাদ জানিয়ে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্ডেইরো পদত্যাগ করেছেন। তিনি এই পরিকল্পনাকে ‘ফুটবলের জন্য একটি খারাপ চুক্তি’ বলে অভিহিত করেছেন।
