ফিবুলা ফেটে যাওয়ায় ইশাকের পায়ে অস্ত্রোপচার
অনলাইন ডেস্ক
টটেনহ্যাম ডিফেন্ডার মিকি ফ্যান ডি ফেনের বেপরোয়া ট্যাকেলের কারণে আগামী দুই মাসের মাঠের বাইরে চলে গেছেন আলেকজান্ডার ইসাক।
টটেনহ্যামের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে গোল করার সময় ফ্যান ডি ফেনের একটি স্লাইডিং চ্যালেঞ্জে ইসাকের বাম পায়ের ফিবুলা হাড় ফেটে যায়। লিভারপুল জানিয়েছে, ইশাকের পায়ের গোড়ালিতে অস্ত্রোপচার করা হয়েছে।
লিভারপুল কোচ স্লট বলেন, এটি একটি দীর্ঘমেয়াদী ইনজুরি হতে যাচ্ছে। এটি ইশাকের জন্য এবং আমাদের দলের জন্য অনেক বড় একটি দুঃসংবাদ।
ম্যাচটিতে টটেনহ্যামের জাভি সিমন্সকে লাল কার্ড দেওয়া হলেও ফ্যান ডি ফেন কোনো শাস্তি পাননি। স্লট মনে করেন, ফ্যান ডি ফেনের ট্যাকলটি অনেক বেশি বিপজ্জনক ছিল। তিনি বলেন, এমন চ্যালেঞ্জ ১০ বার করলে ১০ বারই খেলোয়াড়ের গুরুতর আহত হওয়ার সম্ভাবনা থাকে।
তবে একটু ভিন্ন মত দিয়েছেন সাবেক লিভারপুল ডিফেন্ডার জেমি ক্যারাঘার। তিনি বলেন, এটি ইসাকের জন্য দুর্ভাগ্যজনক। কিন্তু ওই পরিস্থিতিতে একজন ডিফেন্ডার গোল আটকাতে যা করে, ফ্যান ডি ফেন তাই করেছেন। আমি থাকলেও হয়তো একই চ্যালেঞ্জ করতাম।
শনিবার ঘরের মাঠে উলভারহ্যাম্পটনের বিপক্ষে খেলবে লিভারপুল। ইসাকের চোটে ছিটকে যাওয়ায় আক্রমণভাগ নিয়ে বেকায়দায় পড়েছে অলরেডরা। কারণ মোহাম্মদ সালাহ আফ্রিকা কাপ অফ নেশনসে মিশরের হয়ে খেলতে গেছেন। কোডি গাকপো পেশির চোটে মাঠের বাইরে ছিলেন। তবে উলভসের ম্যাচে ফিরতে পারেন তিনি।
এছাড়া, হ্যামস্ট্রিং চোট কাটিয়ে টটেনহ্যামের বিপক্ষে বদলি হিসেবে নেমেছিলেন জেরেমি ফ্রিমপং। অবশ্য স্লট বলেছেন, এখন তিনি শুরু থেকেই খেলতে প্রস্তুত।
এদিকে, অ্যাস্টন ভিলায় লোনে থাকা হার্ভি এলিয়টকে ফিরিয়ে আনার গুঞ্জন রয়েছে। তবে, তাকে ফিরিয়ে আনার কথা নাকচ করেছেন লিভারপুল কোচ আর্নে স্লট।
সূত্র : বিবিসি স্পোর্টস
