ফিরলেন কামিন্স, বাংলাদেশ সিরিজে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

অনলাইন ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। প্রায় আট মাস পর টেস্ট দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স। তার সঙ্গে দলে আছেন অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড এবং স্পিনার নাথান লায়নও।

আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ ম্যাচটি ২২ আগস্ট অনুষ্ঠিত হবে ম্যাকে।

ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজে চোটের কারণে নিয়মিত বোলিং আক্রমণকে একসঙ্গে পায়নি অস্ট্রেলিয়া। এবার বাংলাদেশের বিপক্ষে প্রায় পূর্ণ শক্তির আক্রমণ নিয়েই মাঠে নামছে স্বাগতিকরা। স্কট বোল্যান্ডও রয়েছেন অতিরিক্ত পেসার হিসেবে।

ব্যাটিং বিভাগে স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, জশ ইংলিস ও জ্যাক ওয়েদারল্ডের ওপর ভরসা রেখেছে নির্বাচকরা। অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন ক্যামেরন গ্রিন ও বো ওয়েবস্টার। বছরের শুরুতে অবসর নেওয়া উসমান খাজার জায়গা কে স্থায়ীভাবে নেবেন, সেটিও এই সিরিজে নজরে থাকবে।

অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে থাকা মাইকেল নেসার, টড মার্ফি ও ব্রেন্ডন ডগেট এবার দলে জায়গা পাননি।

নির্বাচক প্রধান জর্জ বেইলি জানিয়েছেন, চোট কাটিয়ে প্রথম পছন্দের বোলাররা ফিরেছেন, যা দলের জন্য বড় স্বস্তির খবর।

বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। চার নম্বরে থাকা বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে ভালো শুরু ধরে রাখাই তাদের লক্ষ্য।

অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেরি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদারল্ড ও বো ওয়েবস্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights