ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী হলেন যিনি

ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ মুস্তফা। তিনি একজন অর্থনীতিবিদ। অতীতে বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন বিভিন্ন পদে দায়িত্বপালন করেছেন তিনি।

৬৯ বছর বয়সী মোহাম্মদ মুস্তফাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি দীর্ঘদিন ধরেই মাহমুদ আব্বাসের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্বপালন করছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ওয়াশিংটনের যুদ্ধোত্তর দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কারের জন্য মার্কিন চাপের মুখে মোহাম্মদ মুস্তফাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিলেন আব্বাস।
আল জাজিরা বলছে, যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা অর্থনীতিবিদ এবং রাজনৈতিকভাবে স্বাধীনচেতা মুস্তফা এখন ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য একটি নতুন সরকার গঠনের কাজ করবেন। মূলত ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশে সীমিত ক্ষমতা রয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের।

বৃহস্পতিবার নিয়োগের ঘোষণা দিয়ে এক বিবৃতিতে মুস্তফাকে অধিকৃত পশ্চিম তীর এবং গাজায় প্রশাসনকে পুনরায় একীভূত করার, সরকারে সংস্কার, নিরাপত্তা পরিষেবা এবং অর্থনীতিতে নেতৃত্ব দেওয়ার এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার পরিকল্পনা করতে বলেন আব্বাস।

নতুন এই নিয়োগের মাধ্যমে মুস্তফা সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহের স্থলাভিষিক্ত হয়েছেন। গাজায় ইসরায়েলের যুদ্ধ এবং অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধির মধ্যে পরিবর্তনের প্রয়োজনীয়তার উল্লেখ করে গত ফেব্রুয়ারিতে সরকারসহ পদত্যাগ করেছিলেন তিনি।

ফাতাহ পার্টির আধিপত্যপূর্ণ আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি কর্তৃপক্ষ অধিকৃত পশ্চিম তীরে সীমিত স্ব-শাসন পরিচালনা করে। তারা ২০০৭ সালে হামাসের কাছে গাজার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। ফাতাহ এবং হামাস এই সপ্তাহে মস্কোতে আলোচনার জন্য মিলিত হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: আল জাজিরা, রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights