ফুলপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার (১৭ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, হাসপাতাল, এনজিও, বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের শিশুদের অংশগ্রহণে আনন্দ র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. আরিফুল ইসলামের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্র ধরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, পৌর মেয়র মি. শশধর সেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা বিজয় চন্দ্র বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রেজ্জাক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবীর প্রমুখ।
