ফুলবাড়ীতে জাম দেওয়ার প্রলোভনে শিশুকে যৌন হয়রানি, অভিযুক্ত যুবক গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি: ১২.০৬.২০২৫
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গাছ থেকে জাম পেড়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে যৌন হয়রানীর ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাবাগিশ গ্রামে।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেছেন। এদিকে, ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে জবানবন্দি নেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শিশু দুটো তাদের বাড়ির সংলগ্ন সুবাস রায়ের বাগানে জাম কুড়াতে গিয়েছিল। এসময় প্রতিবেশী সাইফুর রহমানের ছেলে হাবিবুর রহমান (২৮) তাদেরকে ডেকে নিয়ে গাছ থেকে জাম পেড়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ঝোপের আড়ালে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

আশেপাশে লোকজন না থাকায় হাবিবুর রহমান আরাধা রায়ের পরিধেয় বস্ত্র খুলে ফেলেন এবং শিশুটিকে মাটিতে শোয়ানোর চেষ্টা করেন। শিশুটি ভয়ে চিৎকার শুরু করলে তার ছোট বোন দ্রুত বাড়িতে গিয়ে পরিবারের লোকজনকে খবর দেয়। বাড়িতে খবর দেওয়ার পর পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন, কিন্তু তখন অভিযুক্ত যুবক কৌশলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাটি জানার পর একজোট হয়ে অভিযুক্তকে আটক করে থানায় হস্তান্তর করে।

মামলার বাদী গীতি রানী জানান, অভিযুক্ত হাবিবুর রহমান এর আগেও দুই মেয়েকে অপদস্থ করার ঘটনা ঘটিয়েছিল। এবার আমার শিশু মেয়েকেও একই কায়দায় নির্যাতনের চেষ্টা করেছে। আমি এই ঘটনার সঠিক বিচার পেতে আইনের দ্বারস্থ হয়েছি এবং ন্যায় বিচারের প্রত্যাশা করছি।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, সংখ্যালঘু শিশুটিকে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের হয়েছে। আটককৃত যুবককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগী শিশুটির জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights