ফুলবাড়ীতে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের স্মারকলিপি প্রদান
কুড়িগ্রাম প্রতিনিধি:
ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক-শিক্ষিকাদের রাজস্ব খাতে অন্তর্ভুক্তি এবং সরকারি গ্রেড অনুযায়ী বেতন-ভাতা প্রদানের দাবিতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি প্রদান করে (মউশিক) শিক্ষক কল্যাণ পরিষদ, বাংলাদেশ ফুলবাড়ী শাখা। এসময় শিক্ষক-শিক্ষিকারা তাদের দীর্ঘদিনের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
এসময় বক্তব্য রাখেন (মউশিক) শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ ফুলবাড়ী শাখার সভাপতি হাফেজ মো. একরামুল হক, সদস্য জাকারিয়া হক, রেজাউল করিম এবং শিক্ষিকা নাজমা বেগমসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা স্বল্প ভাতায় দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষার প্রসার ও ধর্মীয় মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এখনও তারা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাই দ্রুত রাজস্ব খাতে অন্তর্ভুক্তি ও সরকারি বেতন-ভাতার ব্যবস্থা করার দাবি জানান তারা।
