ফেদেরারের রেকর্ড ভেঙে ইতিহাসের আরও কাছে জকোভিচ

অনলাইন ডেস্ক
অনেক দিন ধরেই আছেন ইতিহাসের দুয়ারে সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। রেকর্ড ২৫তম গ্র্যান্ডস্ল্যামের হাতছানি তার সামনে। সেই ইতিহাসকে পাখির চোখ করে এবারের অস্ট্রেলিয়ান ওপেনে পা রেখেছেন জকোভিচ।

ইতিহাসটা গড়তে পারবেন কি না, তা পরের বিষয়। তবে এবার অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডেই ‘জোকার’ ভেঙে দিয়েছেন অন্য এক রেকর্ড। যে রেকর্ডটা এতদিন ছিল কিংবদন্তি রজার ফেদেরারের। সে রেকর্ডটাকে নিজের করে নিয়েছেন তিনি।

২০২১ সালের উইম্বলডনে নিজের শেষ মেজর টুর্নামেন্টটা খেলেছিলেন ‘ফেডেক্স’। মেজর টুর্নামেন্টে তার ম্যাচসংখ্যা দাঁড়িয়েছিল ৪২৯-এ। সেই রেকর্ড বুধবার দুইয়ে ঠেলে দিয়েছেন জকোভিচ। ৪৩০তম ম্যাচে প্রথম সার্ভটা খেলেই এই রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। অবশ্য শুধু পুরুষদের টেনিসে নয়, নারীদের টেনিস মিলিয়েও এটিই সবচেয়ে বেশি মেজর টুর্নামেন্ট ম্যাচ খেলার রেকর্ড।

সেসব রেকর্ড অবশ্য জকোভিচের কাছে গৌণ। তিনি ছুটছেন টেনিস ইতিহাসের সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডের দিকে। সে ইতিহাসের পথেও আরও একটু এগিয়ে গেলেন জকোভিচ। তিনি এদিন অজি ওপেনের তৃতীয় রাউন্ডের ম্যাচে হারিয়ে দিয়েছেন হাইমে ফারিয়াকে। ৪ সেটের ম্যাচে তিনি ফারিয়াকে হারিয়েছেন ৬-১, ৬-৭ (৪/৭), ৬-৩, ৬-২ গেমে।

“এটা এমন একটা খেলা, যা আমি ভালোবাসি। প্রতিদ্বন্দ্বিতাও ভালোবাসি আমি। প্রতি ম্যাচেই আমি নিজের সেরাটা ঢেলে দিতে চাই। ২০ বছর ধরে গ্র্যান্ড স্ল্যামের মতো সর্বোচ্চ পর্যায়ে আমি লড়ে যাচ্ছি। জয় হোক বা হার, আমি সবসময় কোর্টে আমার হৃদয়টা নিংড়ে দিতে চাই। আরও একটা রেকর্ড গড়ে আমি গর্বিত,” বলেন জকোভিচ।

শুধু এই রেকর্ডই নয়। আরও একটা রেকর্ড গড়েছেন জকোভিচ। প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে ১৫০ গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেলসের ম্যাচ জেতার রেকর্ড গড়েছেন তিনি।

জকোভিচের সামনে বড় রেকর্ড। সেটাতেই চোখ তার। এযাবতকালে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ড ২৪টি। যা তিনি যৌথভাবে ভাগাভাগি করছেন অস্ট্রেলিয়ান মার্গারেট কোর্টের সঙ্গে। এবার অস্ট্রেলিয়ান ওপেনে জিতে গেলে ২৫তম গ্র্যান্ড স্ল্যাম উঁচিয়ে ধরবেন তিনি। তাতেই রেকর্ডটা এককভাবে তার হয়ে যাবে। জকোভিচ নিশ্চয়ই অস্ট্রেলিয়া মিশনটা ওই রেকর্ডটা গড়েই শেষ করতে চাইবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights