ফেনীতে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

ফেনী প্রতিনিধি

ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নে জান্নাতুল ফেরদৌস স্বর্ণা (২০) নামের এক নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপুর গ্রামের আজিম পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। স্বর্ণা কুয়েত প্রবাসী আবু বক্কর সিদ্দিক ইয়ামিনের স্ত্রী।

জানা যায়, সোমবার দিবাগত রাতে স্বর্ণার ঘর থেকে কোনো সাড়া না পেয়ে শাশুড়ি হোসনে আরা বেগম স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে পুলিশ ও স্বর্ণার পরিবারকে খবর দেয়। মঙ্গলবার সকালে পুলিশ দরজা ভেঙে স্বর্ণার ঝুলন্ত মৃতদেহ খাটের ওপর থেকে উদ্ধার করে। এসময় স্বর্ণার পা খাটের সাথে লাগানো ছিল এবং স্বর্ণার দুই বছর বয়সী মেয়ে রুপা মায়ের পা ধরে চিৎকার করে কাঁদছিল।

নিহতের ভাই ইয়াসিন জানান, গত ৪ মাস পূর্বে স্বর্ণার স্বামী বাড়ি এসে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। তারা ৫০ হাজার টাকা দিলেও সে নিয়মিত তার বোনকে নির্যাতন করত। এ ব্যাপারে গত ৮ আগস্ট সিনিয়ার জুডিশয়াল ম্যাজিস্ট্রেট ও সদর আমলি আদালত ফেনীতে যৌতুক নিরোধ আইনে মামলা করেন।
তিনি আরও জানান, গতকাল রাতে স্বর্ণা ফোন দিয়ে আমাকে বাঁচান, আমাকে বাঁচান বলে ফোন কেটে দেয়। সকালে গিয়ে তাকে দেখে আসবেন বললেও তার আগেই তার মৃত্যুর খবর পাই। তার বোনকে যৌতুকের টাকার জন্য হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে তিনি জানান।

ফেনী মডেল থানার ওসি শহিদুল ইসলামকে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

থানার সেকেন্ড অফিসার ইমরান জানান, মৃতদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights