ফেনীতে ভাইয়ের হাতে ভাই খুন

ফেনী প্রতিনিধি

ফেনীতে পূর্ব বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই হওয়ার খুনের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সদর উপজেলার মোটবী ইউনিয়নের পূর্ব কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নিজাম উদ্দিন (৪৫) পূর্ব কচুয়া গ্রামের আহসান উল্লাহর ছেলে। নিজাম উদ্দিনকে তার আপন বড় ভাই মো. আলম খুন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নিজাম উদ্দিনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বড় ভাই আলমের বিরোধ চলে আসছিল। ইতোপূর্বে স্থানীয়ভাবে বৈঠকের মাধ্যমে বিরোধ মীমাংসাও করা হয়েছিল। কিন্তু বড় ভাই আলম তাতেও ক্ষান্ত হননি। শুক্রবার রাতে ফেনী থেকে ফেরার পথে বাড়ির কাছাকাছি গেলে আলম ছোট ভাই নিজামের চোখে মরিচের গুড়া ছিটিয়ে দেন। পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যা করে লাশ পার্শ্ববর্তী মুহুরী নদীর তীরে ঝোপের মধ্যে ফেলে দেয়। খবর পেয়ে ভোর ৪টার দিকে পুলিশ ওই স্থান থেকে মৃতদেহ উদ্ধার করে।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights