ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন
নিজস্ব প্রতিবেদক
পানিসম্পদ এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন। সেভাবে প্রস্তুতি নিতে বলা হয়েছে ইসিকে। ইসিও সেই নির্দেশনা মোতাবেক প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের হিসাবনিকাশ আছে, নিজস্ব রাজনীতি আছে। এটার সঙ্গে সরকারের অবস্থান বদলের কোনো সম্পর্ক নেই। গতকাল সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের যোগসাজশ ছিল অথবা প্রশাসন নীরব ছিল। স্থানীয় সর্বদলীয় ঐক্যের কারণে তারা হয়তো ঝুঁকি নিতে পারছিলেন না। তারপরও আমরা এ বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্টতা খতিয়ে দেখব। দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়ে রিজওয়ানা হাসান বলেন, বিদেশে মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর ব্যাপারে কোনো লিখিত নির্দেশনা আছে বলে জানা নেই। এ বিষয়ে উপদেষ্টা পরিষদেও কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। তবে এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।
