ফের দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক
কয়েকদিনের বিরতির পর আবারও বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার (১৩ জুলাই) থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে এবং সোমবার (১৪ জুলাই) সারাদেশেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার (১২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।

বৃষ্টির প্রভাবে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।

সোমবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শনিবার দেশের বেশিরভাগ জায়গায় তাপমাত্রা ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। এর মধ্যে রাজারহাটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যদিকে, খুলনার কয়রায় সর্বোচ্চ ২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights