ফেসবুক পোস্টে বিচ্ছেদের গুঞ্জন, পূর্ণিমা জানালেন সত্যিটা কী

অনলাইন ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যমে নায়িকা পূর্ণিমার পোস্ট ঘিরে শুরু হওয়া গুঞ্জনের পর এবার তিনি নিজেই স্পষ্টভাবে জানালেন, তার পরিবারে কোনো সমস্যার ইঙ্গিত নেই।

কিছুদিন আগে চিত্রনায়িকা পূর্ণিমার ফেসবুক পোস্ট সামাজিক মাধ্যমে বিতর্কের সৃষ্টি করেছিল। অনেকেই ধারণা করেছিলেন, তার স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে কোনো দূরত্ব তৈরি হয়েছে।

আজ শনিবার (২৫ অক্টোবর) বিকেলে পূর্ণিমা নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি বিস্তারিত স্ট্যাটাস দিয়ে সেই গুঞ্জনের জবাব দিয়েছেন। পোস্টে তিনি স্বামী আশফাকুর রহমান রবিনকেও ট্যাগ করেছেন।

পূর্ণিমা ব্যাখ্যা দিয়েছেন, তার আগের পোস্টে কোনো ব্যক্তিগত সংকটের ইঙ্গিত ছিল না, বরং জীবনের অভিজ্ঞতার প্রতিফলন ছিল। তিনি লেখেন, “সুদিনে মানুষের বন্ধুর অভাব হয় না। এদের অধিকাংশই সুযোগসন্ধানী কৃত্রিম বন্ধু। এরা সবসময় নিজের স্বার্থে ব্যস্ত থাকে। দুর্দিনে এদের খুঁজে পাওয়া ভার। আমার দেওয়া স্ট্যাটাসটিও এই ভাবনাকে কেন্দ্র করে লেখা হয়েছিল।”

তিনি আরও বলেন, “প্রতিটি মানুষের চারপাশে যা ঘটে, তা নিয়েই স্ট্যাটাসটি লেখা। দিনশেষে আমিও একজন মানুষ। আমারও কমবেশি কাছের-দূরের মানুষ রয়েছে। তাই আমাকেও সুসময়ের বন্ধু ও স্বার্থপরদের মুখোমুখি হতে হয়েছে।”

অভিনেত্রী প্রকাশ করেছেন, তার লেখা অনেকেই ভুলভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, “লেখাটির কিছু অংশ আগে-পিছে না দেখে অনেকে আমার পারিবারিক জীবনের সঙ্গে মিলিয়ে নিয়েছে। কিছু সংবাদমাধ্যম সত্যতা যাচাই না করে চটকদার শিরোনাম ব্যবহার করেছে, যা আমাকে বিস্মিত ও মর্মাহত করেছে।”

পূর্ণিমা স্পষ্ট করেছেন, তার দেওয়া স্ট্যাটাসের পারিবারিক জীবনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তিনি জানিয়েছেন, “আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি।”

শেষে তিনি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, “আমার দীর্ঘ ক্যারিয়ারে দেশ-বিদেশের অগণিত মানুষের ভালোবাসা পেয়েছি। সংবাদকর্মীদের সাপোর্টও পেয়েছি। আশা করি, আগামীতেও ভালোবাসা অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights